India vs England

রশিদের কাছেই হার, ব্যাটিং ব্যর্থতা মেনেও ইংল্যান্ডের স্পিনারকে কৃতিত্ব দিলেন সূর্যকুমার

বরুণ চক্রবর্তীর দুরন্ত বোলিং মূল্যহীন হয়ে যাওয়ায় হতাশ সূর্যকুমার যাদব। দলের ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। ইংল্যান্ডের কাছে হার থেকে শিখতে চান তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ২৩:০৫
picture of SuryaKumar Yadav

সূর্যকুমার যাদব। ছবি: বিসিসিআই।

ইংল্যান্ডের কাছে রাজকোটে হার থেকে শিক্ষা নিতে চান ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। মঙ্গলবার ম্যাচের পর সূর্যকুমার মেনে নিলেন ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হয়েছে। মেনে নিয়েছেন ইনিংসের মাঝের ওভারগুলিতে রান তোলার গতি ধরে রাখতে পারেননি তাঁরা। হারের হতাশার মধ্যে বরুণ চক্রবর্তীর প্রশংসা করতে অবশ্য ভোলেননি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

Advertisement

ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি হারের জন্য রাজকোটের শিশিরকেও দুষেছেন সূর্যকুমার। ম্যাচের পর তিনি বলেন, ‘‘শিশিরের জন্য আমাদের কাজটা কঠিন হয়ে গিয়েছিল। তবে হার্দিক পাণ্ড্য এবং অক্ষর পটেল ব্যাট করার সময় ২৪ বলে ৫৫ রান দরকার ছিল। তখনও আশা ছিল। কিন্তু হল না। আদিল রশিদকে কৃতিত্ব দিতে হবে। আমাদের ধারাবাহিক ভাবে রান তোলার পরিকল্পনা ওর জন্যই সম্ভব হয়নি। ও বিশ্বমানের বোলার। আসলে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সব সময়ই কিছু না কিছু শেখা যায়।’’

সূর্যকুমার মেনে নিয়েছেন তাঁদের শেষ দিকের বোলিংও প্রত্যাশা মতো হয়নি। তিনি বলেছেন, ‘‘১২৭ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। তার পরেও ওদের ১৭০ রানের বেশি করতে দেওয়া উচিত হয়নি আমাদের। বেশ কিছু বিষয় নিয়ে ভাবা দরকার।’’

এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা মহম্মদ শামির পারফরম্যান্সে সন্তুষ্ট সূর্যকুমার। তিনি বলেন, ‘‘শামি বেশ ভালই বল করল। ওকে আবার এ ভাবে বল করতে দেখে ভাল লাগল। বরুণের কথাও বলতে হবে। খুব পরিশ্রমী ছেলে। শৃঙ্খলা মেনে চলে। এই সাফল্য ওর পরিশ্রমের ফল। বরুণের এমন পারফরম্যান্সের পরও ম্যাচের শেষটা ভাল হল না। এটা হতাশার।’’

সূর্যকুমারের ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনটি ম্যাচের একটিও রান পেলেন না। তবে তিনি আত্মবিশ্বাসী। আশা করছেন, পরের ম্যাচে রান পাবেন। দলকে সাহায্য করতে পারবেন।

Advertisement
আরও পড়ুন