IPL 2026

বাবা হওয়ার খুশিতে ডগমগ সূর্যকুমার, কোহলিদের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে মিষ্টি বিতরণ বিশ্বজয়ী অধিনায়কের

রবিবার সকালে রায়পুরের বিমান ধরতে মুম্বই বিমানবন্দরে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচের আগেই তিনি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৬:৫৮
picture of cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

কয়েক দিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন সূর্যকুমার যাদব। আইপিএলের মাঝেই প্রথম বার পিতৃত্বের স্বাদ পেয়েছেন। সেই আনন্দে সাংবাদিকদের মিষ্টি মুখ করালেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

Advertisement

আইপিএলে প্লেঅফে ওঠার আশা জিইয়ে রাখতে হলে রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। তার আগে মুম্বই বিমানবন্দরে সূর্যকুমারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে বিমানবন্দরের ভিতরে ঢোকার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর হাতে একটি থলি। সেই থলি থেকে একটি বাক্স বের করে সাংবাদিকদের হাতে দেন সূর্যকুমার। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘এটা আপনাদের জন্য। দয়া করে আপনারা সকলে খাবেন।’’ মেয়ে হওয়ার খুশিতে সাংবাদিকদের মিষ্টি খেতে দিয়েছেন সূর্যকুমার।

রবিবার সকালে রায়পুরের বিমান ধরতে বিমানবন্দরে গিয়েছিলেন সূর্যকুমার। বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচের আগেই তিনি মুম্বই শিবিরে যোগ দিয়েছেন। তবে তাঁর এই ম্যাচ খেলা নিশ্চিত নয়। মুম্বই ইন্ডিয়ান্সের ম্যানেজার শনিবার বলেছেন, ‘‘ম্যাচের দিন দলের সঙ্গে যোগ দেবে সূর্যকুমার। খেলানো হবে কিনা, সেটা ঠিক করা হবে ও আসার পর। হার্দিক পাণ্ড্যের খেলাও নিশ্চিত নয়। দলের মেডিক্যাল স্টাফেরা হার্দিকের ফিটনেসের উপর নজর রাখছেন।’’

গত ৭ মে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সূর্যকুমারের স্ত্রী দেবিশা শেট্টি। ২০১৬ সালের জুলাইয়ে তাঁদের বিয়ে হয়। বছরের শুরুতেই সূর্যকুমার জানিয়েছিলেন, তাঁদের প্রথম সন্তানের বিষয়টি।

Advertisement
আরও পড়ুন