Gautam Gambhir

২০২৮ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকতে চাই! বোর্ডকে বললেন গম্ভীর, কাকে অধিনায়ক চান, জানিয়ে দিলেন তা-ও, হতে পারে সংঘাত

গৌতম গম্ভীরের কোচিংয়ে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স একদমই সন্তোষজনক নয়। তবে সাদা বলের ক্রিকেটে বেশ ভাল। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছেন কোচ গম্ভীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২৩:১৩
picture of cricket

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

আইপিএলের মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চুক্তির মেয়াদ বৃদ্ধির আর্জি গৌতম গম্ভীরের। বোর্ডের কাছে আরও একটি দাবি জানিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ। বোর্ড কর্তারা অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

Advertisement

গম্ভীরের কোচিংয়ে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স সন্তোষজনক না হলেও সাদা বলের ক্রিকেটে বেশ ভাল। এক দিনের ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছেন কোচ গম্ভীর। আইপিএলের আগেই তৃতীয় বার ২০ ওভারের বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। এই সাফল্যকে মূলধন করে বোর্ডকে চুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন গম্ভীর।

২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে গম্ভীরের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গম্ভীর ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচ থাকতে চান। সেই পর্যন্ত চুক্তি বৃদ্ধির আর্জি জানিয়েছেন বিসিসিআইকে। বোর্ড কর্তারা তাঁর এই দাবি মেনে নিলে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও ভারতের ডাগ আউটে থাকবেন গম্ভীর।

বোর্ডের কাছে আরও একটি দাবি জানিয়েছেন ভারতীয় দলের কোচ। যা নিয়ে তৈরি হতে পারে সংঘাত। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সূর্যকুমার যাদবকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক রেখে দেওয়ার অনুরোধ করেছেন বোর্ড কর্তাদের। বেশ কিছু দিন ধরে ফর্মে নেই সূর্য। আইপিএলেও রান পাচ্ছেন না।

বোর্ড কর্তাদের একাংশ সূর্যকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন। ২০২৮ সালের অলিম্পিক্স এবং বিশ্বকাপের জন্য নতুন অধিনায়কের অধীনে এখন থেকে সম্ভাব্য দল গড়তে চাইছেন তাঁরা। কিন্তু গম্ভীর ৩৫ বছরের সূর্যকেই চাইছেন নেতৃত্বে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের টেস্ট দল থেকে একরকম ছেঁটে ফেলা গম্ভীর সূর্যের ক্ষেত্রে ব্যতিক্রমী অবস্থান নিচ্ছেন। বিসিসিআই কর্তাদের একাংশ কিছুটা বিস্মিত। আরও দু’বছরের জন্য সূর্যকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক ঘোষণা করে দেওয়ায় সায় নেই তাঁদের।

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, গম্ভীরের প্রথম দাবি মানার সম্ভাবনা থাকলেও দ্বিতীয় দাবিটি হয়তো এখনই মানবেন না বিসিসিআই কর্তারা। আপাতত সূর্যকে একটি একটি করে সিরিজ়ে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। ফর্মে ফিরতে পারলে সমস্যা নেই। না হলে অন্য রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘এখন সূর্য টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছে। তবে ও আগে ব্যাটার। ব্যাটার হিসাবে পারফর্ম করতে হবে। ধারাবাহিকতা দেখাতে হবে। আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে ওই অধিনায়ক থাকবে। তার পর আমরা পরিস্থিতি খতিয়ে দেখব। ২০২৮ পর্যন্ত অধিনায়ক থাকা নির্ভর করবে পারফরম্যান্সের উপর।’’

গম্ভীরের যুক্তি, সূর্যের রান না পাওয়া বড় সমস্যা নয়। অধিনায়ক সূর্যকে দরকার। টি-টোয়েন্টি দলের ছন্দ এবং পরিবেশ ধরে রাখার জন্যই সূর্যকে প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন