বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টদের মতো বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে নজির বৈভব সূর্যবংশীর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বলের ব্যবধানে ছক্কা মারার নজির গড়ল রাজস্থান রয়্যালসের ১৫ বছরের ব্যাটার।
আইপিএলে অন্তত ২০ বল খেলার নিরিখে নজির গড়েছে বৈভব। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে ৩৯ রানের ইনিংসে ৫টি ছয় মেরেছে বৈভব। এখনও পর্যন্ত আইপিএলে প্রতি ৪.৯ বলে একটি ছক্কা মেরেছে বৈভব। এর আগের রেকর্ডটি ছিল রোমারিও শেফার্ডের দখলে। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার আইপিএলে প্রতি ৫.১ বলে একটি ছয় মেরেছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন উর্ভিল পটেল। তিনি প্রতি ৫.৩ বলে একটি ছক্কা মেরেছেন। এই তালিকায় চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তিনি প্রতি ৬.৪ বলে একটি ছক্কা মেরেছেন। পঞ্চম স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা আইপিএলে প্রতি ৬.৮ বলে একটি ছক্কা মেরেছেন।
আরও একটি নজির রয়েছে বৈভবের। ১৮ বছর বয়স হওয়ার আগে প্রথম সারির কোনও টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি রান তারই। ১৫ বছরের ব্যাটার আইপিএলে করেছে ৩৩৫ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আয়ুষ মাত্রের ২৪০ রান। তৃতীয় স্থানে রিয়ান পরাগের ১৬০ রান।
জসপ্রীত বুমরাহের বিরুদ্ধে ১৫ বছরের বৈভব কেমন ব্যাট করে, তা নিয়ে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। হতাশ করল না বৈভব। বুমরাহের প্রথম বলেই ছক্কা। সেটা ছিল ম্যাচে বৈভবের খেলা প্রথম বলও। বৈভব ছয় মেরেছে বোল্টকেও।