বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
বৈভব সূর্যবংশী বনাম মিচেল স্টার্কের লড়াই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু সেই লড়াই দেখাই গেল না। স্টার্কের প্রথম ওভারে ব্যাটই করতে পারল না বৈভব। দ্বিতীয় ওভারে দু’বল খেলেই ৪ রান করে আউট হয়ে গেল সে। ফলে বিশ্বরেকর্ড হল না বৈভবের।
শুরুতে স্ট্রাইক নেন যশস্বী জয়সওয়াল। স্টার্কের প্রথম বলে ছক্কা মারলেও তৃতীয় বলে আউট হয়ে যান তিনি। ধ্রুব জুরেল বাকি তিন বল খেলেন। ফলে বৈভব স্টার্কের বল খেলার সুযোগই পায়নি।
দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ব্যাট করার সুযোগ পায় বৈভব। কাইল জেমিসনের প্রথম বলেই সোজা চার মারে সে। দ্বিতীয় বলটিই ইয়র্কার করেন জেমিসন। বৈভব তা বুঝতে পারেনি। তার ব্যাট ও প্যাডে লেগে বল গিয়ে উইকেটে লাগে। দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফেরে সে। বৈভবকে আউট করে জেমিসন-সহ গোটা দিল্লি দলের উল্লাস বলে দিচ্ছিল, এই উইকেটের গুরুত্ব তাঁদের কাছে কী।
দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল বৈভবের। দিল্লির বিরুদ্ধে একটি ছক্কা মারতে পারলেই সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা হত তার। যদি এই নজির সে গড়তে পারত, তা হলে বিশ্বক্রিকেটে একমাত্র অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি হত তার। কিন্তু তা হল না। যশস্বীর বিশ্বরেকর্ডের জন্য অন্তত পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে।
এ বারের আইপিএলে জসপ্রীত বুমরাহ ও প্যাট কামিন্সের প্রথম বলেই ছক্কা মেরেছে বৈভব। স্টার্কের বিরুদ্ধেও সেই কীর্তির সুযোগ ছিল। কিন্তু এই ম্যাচে তা হল না। দু’দলের পরের ম্যাচ ১৭ মে। অর্থাৎ, স্টার্কের প্রথম বলে ছক্কা মারার আরও একটি সুযোগ পাবে বৈভব।