Pakistan Super League

পহেলগাঁও কাণ্ড: পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ ভারতে, এ দেশে দেখা যাবে না বাবরদের খেলা

পহেলগাঁওয়ে মঙ্গলবার জঙ্গি হানা হয়। সেখানে পর্যটকদের গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার প্রতিবাদে পাকিস্তান সুপার লিগের খেলা দেখানো বন্ধ করে দিল ফ্যানকোড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২২:২২
PSL

পাকিস্তান সুপার লিগের ম্যাচ। —ফাইল চিত্র।

ভারতে আর দেখা যাবে না পাকিস্তান সুপার লিগ। এত দিন ফ্যানকোডে এই প্রতিযোগিতা দেখা যাচ্ছিল। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পর তা বন্ধ করে দেওয়া হল। এর ফলে পাকিস্তান সুপার লিগের দর্শক সংখ্যা অনেকটাই কমে যাবে।

Advertisement

পহেলগাঁওয়ে মঙ্গলবার জঙ্গি হানা হয়। সেখানে পর্যটকদের গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার প্রতিবাদে পাকিস্তান সুপার লিগের খেলা দেখানো বন্ধ করে দিল ফ্যানকোড। যা পিএসএলের জন্য বড় ধাক্কা। দর্শক সংখ্যা কমে গেলে আগামী দিনে তাদের স্পনসর পেতে সমস্যা তৈরি হবে।

সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, শাহবাজ় শরিফ সরকার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের লিগে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানো হবে। তিনি বলেন, “পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন। তাঁদেরকে ভারতে ফিরে যেতে বলা হয়েছে। তাঁদের মধ্যে ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ম্যানেজার, ক্যামেরাম্যান রয়েছেন। তাঁরা চলে গেলে লিগের সম্প্রচারে সমস্যা হতে পারে। কারণ, দ্রুত তাঁদের পরিবর্ত বাছা কঠিন।” তিনি আরও জানিয়েছেন, যত ক্ষণ না তাঁরা ভারতে ফিরছেন তত ক্ষণ তাঁদের হোটেলে ছেড়ে বার না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের উপর নজর রাখছেন নিরাপত্তারক্ষীরা।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। সূত্রের খবর, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন। তার প্রতিবাদে বুধবার রাতে ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না-করা পর্যন্ত এই সিদ্ধান্ত বজায় থাকবে। ভারতের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান। রয়টার্স অনুসারে, সিন্ধু জলচুক্তি নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।

Advertisement
আরও পড়ুন