বিরাট কোহলি। —ফাইল চিত্র।
কয়েক ঘণ্টা আগে বিরাট কোহলির নজির ভেঙেছেন শুভমন গিল। কোহলিও ছাড়ার পাত্র নন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়লেন তিনি। তিনিই প্রথম ব্যাটার যিনি আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে ১০০০ রান করলেন।
রবিবার ওয়াংখেড়েতে নামার আগে মুম্বইয়ের বিরুদ্ধে কোহলির রান ছিল ৯৮০। এই ম্যাচে ২০ রান করতে ১১ বল নেন তিনি। চতুর্থ ওভারের শেষ বলে জসপ্রীত বুমরাহের ইয়র্কার সামলে ২ রান নেন তিনি। সেই সঙ্গে মুম্বইয়ের বিরুদ্ধে ১০০০ রান হয় তাঁর। এই কীর্তি আর কোনও ব্যাটারের নেই।
এর আগে আইপিএলে একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়েছেন কোহলি। রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৬ ম্যাচে ১১৬১ রান করেছেন রোহিত। কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে এটিই ছিল এতদিন সর্বাধিক রান। দ্বিতীয় স্থানে ছিলেন কোহলি। রোহিতের রেকর্ড ভাঙতে গত রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে তাঁর দরকার ছিল ১৬ রান। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে রোহিতকে ছাপিয়ে যান কোহলি। এখন আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁর রান ৩৬ ম্যাচে ১১৭৮।
আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে কোহলির রান ধরলে অবশ্য তিনি প্রথম ওভারেই রোহিতের রেকর্ড ভেঙে দিয়েছেন। এই দুই প্রতিযোগিতা মিলিয়ে রোহিতের রেকর্ড ভাঙতে কোহলির দরকার ছিল ২ রান। প্রথম ওভারেই তা করে ফেলেন তিনি। আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৬ ম্যাচের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে ১৪ রান করেছিলেন কোহলি।