IPL 2026

বেঙ্গালুরুকে জিতিয়েও মনখারাপ কোহলির! কেন, জানালেন গুজরাতের সহকারী কোচ

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলেও খুশি নন বিরাট কোহলি। দল জিতলেও তিনি হতাশ। ম্যাচের পর হতাশার কথা জানিয়েছেন গুজরাতের সহকারী কোচ বিজয় দাহিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৩:৪৬
picture of cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেও খুশি নন বিরাট কোহলি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৪ বলে ৮১ রানের ইনিংসও খুশি করতে পারেনি তাঁকে। ম্যাচের পর সে কথা জানিয়েছেন গুজরাতের সহকারী কোচ বিজয় দাহিয়া।

Advertisement

শুভমন গিলদের হয়ে সাংবাদিক বৈঠকে এসেছিলেন দাহিয়া। তাঁকে কোহলির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়। দাহিয়া বলেন, ‘‘ম্যাচ হেরে গেলে মনে হয় আরও বেশি রান করা উচিত ছিল। তবে দু’ইনিংসের মাঝে আমাদের মনে হয়েছিল, এই পিচে ২০৫ রান খারাপ নয়। আমরা জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী ছিলাম। প্রথম বলেই কোহলি একটা সুযোগ দিয়েছিল। আমরা কাজে লাগাতে পারিনি। তার পর ও ম্যাচটা ছিনিয়ে নিয়ে চলে গেল।’’ তিনি আরও বলেন, ‘‘আমার মনে হয়, অভিজ্ঞ খেলোয়াড়েরা তাদের অভিজ্ঞতার জন্যই টিকে রয়েছে। ওরা জানে কী ভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। কোহলি অন্যতম সেরা উদাহরণ।’’

গুজরাতের হার ছেড়ে কোহলিকে নিয়েই একের পর এক প্রশ্নের উত্তর দিতে হয়েছে দাহিয়াকে। তাঁকে প্রশ্ন করা হয়, কোহলিকে কেমন দেখলেন? উত্তরে শুভমনদের সহকারী কোচ বলেছেন, ‘‘এটা মানসিকতার ব্যাপার। এখনও ওর প্রাণশক্তি দুর্দান্ত। দেখার মতো। দক্ষতা তো আছেই। তার সঙ্গে ক্রিকেট বোধও অসাধারণ। কোহলির ম্যাচ নিয়ে সচেতনতা, ইচ্ছাশক্তি অবিশ্বাস্য। ম্যাচের পর ওর সঙ্গে কথা বলছিলাম। আমার কাছে হতাশা প্রকাশ করল। আমাকে প্রথমেই বলল, ‘আমার শতরান করা উচিত ছিল। ইনিংসটা এ ভাবে শেষ হওয়া ঠিক হয়নি।’ ওকে বললাম, যে মানুষ বছরের পর বছর শতরান করছে, তার অন্য ভাবে ভাবা উচিত। প্রথম বলে ক্যাচ পড়ার পর মনে হল, কত সহজে খেলছে। অথচ পিচটা ব্যাটিংয়ের জন্য আদৌ অতটা সহজ ছিল না। তবু শতরান হাতছাড়া করায় কোহলি হতাশ।’’

দাহিয়ার মতে, কোহলি ব্যাট করলে বিশ্বের সেরা বোলারেরাও চাপে থাকে। ঘরোয়া ক্রিকেটের বোলারদের জন্য বিষয়টা আরও কঠিন। এই পর্যায়ে আসার পরও টি-টোয়েন্টি ক্রিকেটে একটা শতরান হাতছাড়া হওয়ার হতাশাই প্রমাণ করে ক্রিকেটের প্রতি কোহলির দায়বদ্ধতা এখনও কতটা।

Advertisement
আরও পড়ুন