IPL 2026

পাঁচ বিদেশি নিয়ে খেলছে বেঙ্গালুরু! আইপিএলের নিয়ম কি ভেঙেছেন কোহলিরা? চেন্নাই ম্যাচের আগে জবাব দিলেন বিরাট

আইপিএলের দর্শকদের একটা অংশের অভিযোগ, এ বার পাঁচ বিদেশি খেলাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সত্যিই কি সেটা করেছেন বিরাট কোহলিরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৫:৫৩
cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আইপিএলে চার জনের বেশি বিদেশি ক্রিকেটার খেলানো যায় না। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি পাঁচ বিদেশি খেলাচ্ছে? এমনটাই অভিযোগ দর্শকদের একাংশের। সত্যিই কি পাঁচ বিদেশি খেলাচ্ছে তারা? সত্যিই কি আইপিএলের নিয়ম ভেঙেছে তারা? এই প্রশ্নের জবাব দিলেন বিরাট কোহলি।

Advertisement

রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে বেঙ্গালুরু। সেই ম্যাচের আগে দলের ম্যাসকট মিস্টার নাগস একটি ভিডিয়োতে এই প্রশ্ন করেন কোহলিকে? তিনি বলেন, “আপনার সম্পর্কে সমাজমাধ্যমে অনেক কথা হচ্ছে। অনেকে বলছে আরসিবি পাঁচ বিদেশি নিয়ে খেলছে। আমি বুঝতে পারছি না, ওরা ঠিক কী বলতে চাইছে।”

সে কথা শুনে হেসে ফেলেন কোহলি। তিনি বুঝতে পারেন, তাঁকেই পঞ্চম বিদেশি বলা হচ্ছে। জবাবে কোহলি বলেন, “আমি জানি না, এই প্রশ্নটা আমাকে কেন করছো। বিদেশি ক্রিকেটারদের জিজ্ঞাসা করো। আমি তো বিদেশি ক্রিকেটার নই। আমি কি বিদেশি ক্রিকেটার?”

এখন আর ভারতে থাকেন না কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তান ভামিকা ও অকায়কে নিয়ে লন্ডনে থাকেন তিনি। যখন ভারতে খেলা থাকে, তখন এ দেশে আসেন। অনেক সময় একাই আসেন তিনি। তবে আইপিএলের সময় কোহলির সঙ্গে অনুষ্কাও এসেছেন। লন্ডনে থাকেন বলেই তাঁকে বিদেশি ক্রিকেটার বলে উল্লেখ করেছেন অনেকে। তবে সবটাই মজার ছলে। তার জবাবও দিয়েছেন কোহলি।

চলতি আইপিএলের শুরুটা ভাল হয়েছে বেঙ্গালুরুর। সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০২ রান হাসতে হাসতে তাড়া করেছে তারা। ৩৮ বলে ৬৯ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন কোহলি। দেখে বোঝা যাচ্ছে, শুরু থেকেই ফর্ম ধরে রেখেছে গত বারের চ্যাম্পিয়ন দল।

Advertisement
আরও পড়ুন