ICC T20 World Cup 2026

খেলতে নয়, জিততে এসেছি! সুপার এইটে নামার আগে ভারতকে হুঁশিয়ারি দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ়, জ়িম্বাবোয়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ় ও জ়িম্বাবোয়ে। খেলতে নামার আগে দুই দলই ভারতকে সতর্ক করে দিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৫
cricket

সূর্যকুমার যাদব। সুপার এইটে জ়িম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে লড়াই তাঁর দলের। —ফাইল চিত্র।

সুপার এইটে তাদের বিরুদ্ধে ভারতের লড়াই যে সহজ হবে না, তা স্পষ্ট করে দিল ওয়েস্ট ইন্ডিজ় ও জ়িম্বাবোয়ে। দুই দলেরই দাবি, তারা বিশ্বকাপে অংশ নিতে নয়, জেতার লক্ষ্যেই নেমেছে। তাই সুপার এইটে খেলতে নামার আগে ভারতকে সতর্ক করল তারা।

Advertisement

গ্রুপ সি-তে চার ম্যাচের সবগুলিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ়। ইডেনে শেষ ম্যাচে ইটালিকে হারিয়ে অধিনায়ক শাই হোপ জানিয়েছেন, তাঁর দল বদলে গিয়েছে। এই দল আগ্রাসনের সঙ্গে বুদ্ধিকেও ব্যবহার করে।

ওয়েস্ট ইন্ডিজ় মানেই যে শুধু বিধ্বংসী ক্রিকেট, তা এখন আর নয়। তারা এখন একটা দল হিসাবে খেলছে। হোপ বলেন, “আমাদের দলে সকলেই জানে কার কী ভূমিকা। আমরা শক্তির সঙ্গে বুদ্ধিকেও কাজে লাগাচ্ছি। ফলে কোনও সমস্যা হচ্ছে না। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় বড় দলের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়লে সব শেষ। আমরা সেটা চাইছি না।”

সুপার এইটে বড় প্রতিপক্ষ ভারত। সূর্যকুমার যাদবদের দেশের মাটিতে হারানো যে কঠিন তা জানেন হোপ। কিন্তু লড়াই ছাড়বেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক বলেন, “ভারত কঠিন প্রতিপক্ষ। ওরা ভাল ফর্মে আছে। কিন্তু আমাদের দল আর আগের মতো নয়। খুব যে কিছু বদলেছে তা বলছি না। কিন্তু এখন সকলে জানে, মাঠে নেমে কী করতে হবে। সেই ভাবেই আমরা খেলছি। এ বার আমরা খেলতে নয়, জিততে এসেছি।”

একই কথা শোনা গিয়েছে জ়িম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজার গলাতেও। যে গ্রুপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দল রয়েছে, সেই গ্রুপের শীর্ষে শেষ করেছে জ়িম্বাবোয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা, দু’দলকেই হারিয়েছে তারা। অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে তাদের জায়গায় সুপার এইটে উঠেছে। নিজেরে ‘আন্ডারডগ’-ই ভাবতে চান সিকন্দর। তাতে তাঁদের উপর চাপ অনেক কমে যায় বলে জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কাকে হারিয়ে উঠে সিকন্দর বলেন, “আমরা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। কে বলতে পারে, সুপার এইটে তিনটে ম্যাচের মধ্যে দুটো জিতে জেতেও পারি। তার পর যা খুশি হতে পারে। সকলেই আন্ডারডগের গল্প ভালবাসে। আমরা আন্ডারডগ হিসাবেই খেলতে চাই।”

প্রতিপক্ষ বা টসের দিকে না তাকিয়ে শুধু নিজেদের প্রস্তুতি নিয়ে ভাবছেন সিকন্দর। তিনি বলেন, “বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষ থাকবেই। আর টস আমাদের হাতে নেই। তাই দলের সকলকে বলেছি, এ সব না ভেবে নিজেদের খেলা নিয়ে ভাবতে। আমাদের বিশ্বাস, নিজেদের সেরাটা দিলে যে কোনও দিন যে কোনও দলকে আমরা হারাতে পারি। জানি আমাদের গ্রুপে ভারতের মতো কঠিন দল আছে। তবে ভয় পাচ্ছি না। জেতাটাই আমাদের লক্ষ্য।”

বিশ্বকাপের সুপার এইটে ভারতের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ়। ২২ ফেব্রুয়ারি অহমদাবাদে দক্ষিণ আফ্রিকা, ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জ়িম্বাবোয়ে ও ১ মার্চ কলকাতার ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে দুই প্রতিপক্ষ অধিনায়ক সতর্ক করলেন সূর্যদের।

Advertisement
আরও পড়ুন