Handshake Controversy in India Vs Pakistan Match

ক্রিকেট ভদ্রলোকের খেলা, হাত না মেলানো অভদ্রতা! বিশ্বকাপের মাঝেই সূর্যকুমারের দলের নিন্দায় দক্ষিণ আফ্রিকার বাভুমা

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে ভারত-পাক সম্পর্ক উত্তপ্ত। তার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১০:০৭
cricket

হাত না মিলিয়ে ফিরে যাচ্ছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। —ফাইল চিত্র।

গত বছর এশিয়া কাপ থেকেই ছবিটা দেখা যাচ্ছে। ভারত-পাকিস্তানের ম্যাচে হাত মেলান না দুই দলের ক্রিকেটারেরা। শুরুটা অবশ্য করেছিল ভারতই। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে ভারত-পাক সম্পর্ক উত্তপ্ত। তার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। এই করমর্দন না করাকে ভাল ভাবে দেখছেন না টেম্বা বাভুমা।

Advertisement

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক বাভুমাকে। তিনি বাইরে থেকে বিষয়টি দেখেছেন। তাঁর মনে হয়েছে, এ রকম না হলেই পারত। সংবাদসংস্থা পিটিআই-কে বাভুমা বলেন, “বাইরে থেকে দেখলে ব্যাপারটা ভাল দেখায় না। ক্রিকেটের জন্যও সেটা ভাল নয়। দিনের শেষে তো এটা ভদ্রলোকের খেলা। সেটা শুনেই বড় হয়েছি। তাই ক্রিকেটারদের কাছে কিছুটা ভদ্র ব্যবহার আশা করা যায়।”

তিনি যে হাত না মেলানোর বিপক্ষে তা স্পষ্ট করে দেওয়ার পাশাপাশি বাভুমা এ-ও জানিয়েছেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক ও রাজনীতির বিষয়ে কোনও ধারণা তাঁর নেই। ফলে শুধুমাত্র এক দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলছেন। বাভুমা বলেন, “আমি বাইরে থেকে বিষয়টা দেখছি। ভারত-পাকিস্তানের মধ্যে যে রাজনীতি, সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা আমার নেই। কিন্তু শুধুমাত্র যদি একজন দর্শকেরা দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তা হলে বলব, বিষয়টা ক্রিকেটের পক্ষে শুভ নয়।”

অনেকটা একই মত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের। একটি পডকাস্টে এই বিষয়ে মুখ খোলেন তিনি। ভন বলেন, “পুরো বিষয়টা তিক্ততায় ভরে গিয়েছে। খুব খারাপ লাগছে। ক্রিকেট মাঠে করমর্দন হবে না, সেটা ভাবাই যায় না।”

তবে ইংল্যান্ডের আর এক প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের মতে, সবটাই হচ্ছে ক্যামেরার সামনে। লোকচক্ষুর আড়ালে ক্রিকেটারদের মধ্যে ভালই সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “ওরা কি পর্দার পিছনে কথা বলছে না? আমি কোথাও একটা পড়লাম, সকলে গল্প করছে। দেখে মনে হচ্ছে, পুরোটাই ক্যামেরার সামনে নাটক। সামনে কেউ কারও সঙ্গে হাত মেলাচ্ছে না। কিন্তু পিছনে ওরা কথা বলছে। সম্পর্কে কোনও তিক্ততা নেই।”

কুক যে কথা বলেছেন, তার আভাস চলতি বিশ্বকাপে দেখা গিয়েছে। টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা হাত মেলাননি। খেলা শেষেও কেউ কারও সঙ্গে হাত মেলাননি। কিন্তু খেলার আগে অনুশীলনে দেখা গিয়েছে ভারত ও পাকিস্তানের কয়েক জন ক্রিকেটার হাসিমুখে কথা বলছেন। তার থেকেই অনুমান, হয়তো বোর্ড ও কেন্দ্রীয় সরকারের নির্দেশে হাত মেলাচ্ছেন না সূর্যেরা। ভিতরে ভিতরে সম্পর্ক ভালই রয়েছে দু’দেশের ক্রিকেটারদের।

Advertisement
আরও পড়ুন