IPL 2026

মোহনবাগান সাফল্য পেলেও লখনউ পায় না, কেন ফুটবলের মতো সফল নয় তাঁর ক্রিকেট দল, উত্তর দিলেন সঞ্জীব গোয়েন্‌কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট দলের মালিক তিনি। মোহনবাগান সাফল্য পেলেও সাফল্য এনে দিতে পারেনি লখনউ। কেন সম্ভব হয়নি? উত্তর দিলেন সঞ্জীব গোয়েন্‌কা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৭:২৭
cricket

সঞ্জীব গোয়েন্‌কা। — ফাইল চিত্র।

আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের মালিক তিনি। আবার আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট দলের ৮০ শতাংশ অংশীদারি রয়েছে তাঁর হাতে। মোহনবাগান সাফল্য পেলেও ক্রিকেটে সেই সাফল্য এনে দিতে পারেনি লখনউ। কেন সেটা সম্ভব হয়নি? এক সাক্ষাৎকারে তার উত্তর দিলেন সঞ্জীব গোয়েন্‌কা।

Advertisement

‘এনডিটিভি’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন গোয়েন্‌কা। সেখানেই দুই দলের পরিচালনাগত পার্থক্যের কথা তুলে ধরেছেন তিনি। গোয়েন্‌কার মতে, ফুটবলে সাফল্যের রাস্তা খুঁজে পেলেও ক্রিকেটে এখনও সেটা খুঁজে পাননি।

গোয়েন্‌কা বলেছেন, “ফুটবলে আমরা জানি কখন কী করতে হবে। ক্রিকেটে এখনও সেই জায়গায় পৌঁছতে পারিনি আমরা। যদি জানতেই পারতাম তা হলে এত দিনে করে ফেলতাম।” গোয়েন্‌কার ব্যাখ্যা, গত বছর লখনউয়ের বোলিং বিভাগে যে ফাঁকফোকর ছিল তা এ বার ভরাট করার চেষ্টা করেছেন তাঁরা। ব্যাটিং বিভাগকেও ধরে রেখেছেন। কিন্তু এখনও ব্যাটারেরা ভাল খেলতে পারেননি বলে সাফল্য পাচ্ছেন না। ছন্দ খুঁজে পেলেই দল জয়ের রাস্তায় ফিরবে বলে আশা তাঁর। এটাও বলেছেন, ক্রিকেটে সাফল্য পাওয়ার নিখুঁত ফর্মুলা খুঁজে পেলে বহু দিন আগেই তা কাজে লাগাতেন।

গত দু’বছর আইএসএলের লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান। গত বার শিল্ডের পাশাপাশি কাপও জিতেছে। এ বারও শিল্ড জয়ের সম্ভাবনা রয়েছে তাদের। পয়েন্ট তালিকায় রয়েছে দুইয়ে। অন্য দিকে, আইপিএলে খেলতে শুরু করার পর প্রথম দুই বছর লখনউ প্লে-অফে উঠেছিল। পরের দুই বছর সপ্তম স্থানে শেষ করেছে। এ বছর আবার প্লে-অফে ওঠাই প্রাথমিক লক্ষ্য তাদের। এই মুহূর্তে তারা রয়েছে সপ্তম স্থানে।

Advertisement
আরও পড়ুন