FIFA World Cup 2026

মেসির খেলা বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ স্কালোনি, সাড়ে পাঁচ লক্ষের কাবো ভার্দেকে হালকা ভাবে নিচ্ছে না আর্জেন্টিনা

জর্ডনের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে নেমে নিজের কাজ করে দেন লিয়োনেল মেসি। ফ্রিকিক থেকে অনবদ্য গোল করেন। মেসির এই কীর্তি দেখে তাঁকে বর্ণনা করার ভাষাই খুঁজে পাচ্ছেন না কোচ লিয়োনেল স্কালোনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৮:৫৫
football

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

জর্ডনের বিরুদ্ধে প্রথম একাদশে রাখেননি দলের সেরা ফুটবলারকে। দ্বিতীয়ার্ধে নামালেন। অল্প সময়ের মধ্যেই নিজের কাজ করে দিলেন লিয়োনেল মেসি। ফ্রিকিক থেকে অনবদ্য গোল করে আবার রেকর্ডবুকে নিজের নাম তুললেন। মেসির এই কীর্তি দেখে তাঁকে বর্ণনা করার ভাষাই খুঁজে পাচ্ছেন না কোচ লিয়োনেল স্কালোনি। এ দিকে, কাবো ভার্দেকে হেলাফেলা না করার বার্তা দেওয়া হয়েছে আর্জেন্টিনার তরফে।

Advertisement

বিশ্বকাপে টানা সাতটি ম্যাচে গোল করে নতুন নজির গড়েছেন মেসি। সেই প্রসঙ্গে ম্যাচের পর মেসির পারফরম্যান্স নিয়ে স্কালোনি বলেন, “আমার খুব অস্বস্তি লাগে যখন লোকে এ ধরনের প্রশ্ন করে। আসলে আমি জানিই না কী বলব। আজ ও ৯০ মিনিট খেলতে পারত। বিপক্ষকে ছোট না করেই বলছি, ও চেয়েছিল সতীর্থেরা মাঠে সময় পাক। মেসি নিজের শক্তি বাঁচিয়ে রাখতে চেয়েছিল। লোকে এত কথা বললেও মেসি কখনওই নিজের পরিসংখ্যান নিয়ে ভাবে না। একটাই শব্দ মাথায় আসছে, আমি অবাক।”

এ দিন দলে ৯টি বদল করেছিলেন স্কালোনি। পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। বলেছেন, “মোটামুটি সব ফুটবলারকে খেলাতে পেরেছি এটা ভেবেই ভাল লাগছে। বরাবর এটাই আমাদের লক্ষ্য ছিল। প্রত্যেকে যোগ্য হিসাবেই বিশ্বকাপে খেলতে এসেছে। তাই ওদের অন্তত কয়েকটা মিনিট খেলার সুযোগ দেওয়া আমার কাজ। আমার মতে, প্রত্যেকে ভাল খেলেছে।”

সাড়ে পাঁচ লক্ষের দেশ কাবো ভার্দের বিরুদ্ধে নকআউটে খেলবে আর্জেন্টিনা। ছোট্ট দেশ হলেও ফুটবলের নিরিখে তারা অনেক বড়, এমনটাই মনে করেন স্কালোনি। তিনি বলেছেন, “যা দেখেছি তাতে অবাক নই। ওরা ভাল দল। যে তিনটে দলের বিরুদ্ধে খেলেছে সকলের সঙ্গেই কঠিন লড়াই দিয়েছে। স্পেন ওদের হারাতে পারেনি। উরুগুয়ে পারেনি। গতিশীল দল, উচ্চমানের ফুটবল খেলতে পারে। আমি নিশ্চিত যে ওরা আমাদের সঙ্গেও কঠিন লড়াই দেবে।”

একই সুর শোনা গিয়েছে জিয়োভানি লো সেলসোর গলায়। বলেছেন, “আজ গোল হজম করা উচিত হয়নি। ক্লিন শিট রাখা উচিত ছিল। এ বার পরের ম্যাচ নিয়ে ভাবব। কাবো ভার্দে খুবই কঠিন প্রতিপক্ষ হতে চলেছে।”

Advertisement
আরও পড়ুন