Lionel Messi Injury

মেসির চোটে স্থগিত ম্যাচ, উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে

মেসির এই চোট নিয়ে আর্জেন্টিনার উদ্বেগের কারণ হল, আগামী ২৭ মার্চ ফিনালিসিমায় স্পেনের বিরুদ্ধে খেলা রয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩১
ধাক্কা: বিশ্বকাপে মেসির খেলা নিয়ে তুঙ্গে চর্চা।

ধাক্কা: বিশ্বকাপে মেসির খেলা নিয়ে তুঙ্গে চর্চা। ফাইল চিত্র।

লিয়োনেল মেসিকে নিয়ে হঠাৎ করেই আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামি শিবিরে উদ্বেগ। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বুধবার অনুশীলন করতে পারেননি তিনি। আর্জেন্টিনীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার ইকুয়েডরের বার্সেলোনা এসসি-র বিরুদ্ধে মায়ামির হয়ে ফ্রেন্ডলি ম্যাচে চোট পান মেসি। সুস্থ হয়ে কবে তিনি মাঠে ফিরবেন জানা যায়নি।

মায়ামির তরফে বিবৃতি দেওয়া হয়েছে, ‘‘মেসির চোটের কারণে পুয়ের্তো রিকোয় ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন মেসির শারীরিক অবস্থার উন্নতির উপরে নির্ভর করবে তাঁর অনুশীলনে ফেরা।’’ সমাজমাধ্যমে মেসি বলেছেন, ‘‘ইকুয়েডরে শেষ ম্যাচে চোট পাওয়ায় দ্রুত মাঠ ছেড়েছিলাম। এই কারণেই পুয়ের্তো রিকোয় ম্যাচ স্থগিত রাখা হয়েছে। আশা করছি, এই ম্যাচের সূচি পুনরায় ঠিক করা হবে এবং দ্রুতই দেখা হবে আপনাদের সঙ্গে।’’

মেসির এই চোট নিয়ে আর্জেন্টিনার উদ্বেগের কারণ হল, আগামী ২৭ মার্চ ফিনালিসিমায় স্পেনের বিরুদ্ধে খেলা রয়েছে। মায়ামির প্রাক্‌–মরসুম প্রস্তুতির একদম শেষ পর্বে মেসির এই চোট তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে আশঙ্কা তৈরি করছে। আর্জেন্টিনীয় কিংবদন্তি জানিয়েছিলেন, প্রাক্‌–মরসুম প্রস্তুতির উপরেই নির্ভর করবে তাঁর বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত।

আরও পড়ুন