English Premier League

বাজিমাত আর্সেনালের, তিনে ম্যান ইউনাইটেড

শনিবার রাতে লিডস ইউনাইটেডকে ১-০ হারিয়ে শীর্ষ স্থানে থাকা আর্সেনালের উপরে চাপ বাড়িয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। চব্বিশ ঘণ্টার মধ্যেই চেলসিকে ২-১ হারিয়ে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল মিকেল আর্তেতার দল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৬:০২
উল্লাস: গোলের পরে উইলিয়ামকে (২) অভিনন্দন সতীর্থদের।

উল্লাস: গোলের পরে উইলিয়ামকে (২) অভিনন্দন সতীর্থদের। ছবি: রয়টার্স।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর খেতাবি লড়াই। শনিবার রাতে লিডস ইউনাইটেডকে ১-০ হারিয়ে শীর্ষ স্থানে থাকা আর্সেনালের উপরে চাপ বাড়িয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। চব্বিশ ঘণ্টার মধ্যেই চেলসিকে ২-১ হারিয়ে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল মিকেল আর্তেতার দল। ২৯ ম্যাচ থেকে আর্সেনালের অর্জিত পয়েন্ট ৬৪। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। অর্থাৎ, ব্যবধান পাঁচ পয়েন্টের।

লন্ডন ডার্বিতে রবিবার ঘরের মাঠে ২১ মিনিটে ১-০ করেন উইলিয়াম সালিবা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে আর্সেনালের ডিফেন্ডার পিয়েরো হিনক্যাপির আত্মঘাতী গোলে সমতা ফেরায় চেলসি। ৬৬ মিনিটে ইউরিয়েন টিম্বের ২-১ এগিয়ে দেন আর্সেনালকে। চার মিনিটের মধ্যেই লাল কার্ড (দ্বিতীয় হলুদ) দেখেন পেদ্রো নেতো। ১০ জন হয়ে যাওয়া চেলসির পক্ষে হার বাঁচানো সম্ভব হয়নি।

দুরন্ত ছন্দে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। রবিবার ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ জিতে ২৮ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট অর্জন করে টেবলের তৃতীয় স্থানে উঠে এল মাইকেল ক্যারিকের দল। গোল করে এবং করিয়ে নায়ক ব্রুনো ফের্নান্দেস।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই ধাক্কা খায় ম্যান ইউ। ম্যাকসেন্স লাক্র্যাক গোল করে এগিয়ে দেন ক্রিস্টাল প্যালেসকে। তার উপরে চোট পেয়ে ২৪ মিনিটে মাঠ ছাড়েন লুক শ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১২ মিনিটের মধ্যে বিতর্কিত পেনাল্টি থেকে সমতা ফেরান ব্রুনো ফের্নান্দেস। মাথেউস কুনহাকে ফেলে দেন ম্যাকসেন্স। ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করে রেফারি পেনাল্টির নির্দেশ দেন এবং লাল কার্ড দেখান ম্যাকসেন্সকে। ধারাভাষ্যকারদের মতে, ম্যাকসেন্স ফাউল করেছিলেন পেনাল্টি বক্সের বাইরে। একই দাবি করেছিলেন ক্রিস্টাল প্যালেসের ফুটবলারেরাও। কিন্তু রেফারি নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন। পেনাল্টিথেকে ১-১ করেন ব্রুনো।

১০ জন হয়ে যাওয়া ক্রিস্টাল প্যালেস ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যায়। ৬৫ মিনিটে ব্রুনোর ক্রসে মাথা ছুঁইয়ে ম্যান ইউকে ২-১ এগিয়ে দেন বেঞ্জামিন সেসকো। এর পরে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও বাধা হয়ে দাঁড়ান ম্যান ইউয়েরই প্রাক্তন গোলরক্ষক ডিন হেন্ডারসন। অন্য ম্যাচে ফুলহ্যাম ২-১ হারাল টটেনহ্যামকে। ব্রাইটন ২-১ জিতল নটিংহামের বিরুদ্ধে।

আরও পড়ুন