লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনা। ছবি: সংগৃহীত।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনা। এল ক্লাসিকোয় রবিবার রিয়ালকে ২-০ উড়িয়ে দেয় বার্সা। ঘরের মাঠেই লা লিগা খেতাব নিশ্চিত করলেন হান্সি ফ্লিকরা।
প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় বার্সা। ৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মার্কাস র্যাশফোর্ড। ১৮ মিনিটেই দ্বিতীয় গোল হয়। করেন ফেরান তোরেস। ঘরের মাঠে খেতাব জিতে উচ্ছ্বসিত র্যাশফোর্ড।
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘‘এল ক্লাসিকোয় গোল করার স্বপ্ন দেখতাম। দলের জন্য এমন মুহূর্তে গোল পেয়েছি যা জীবনে ভোলার নয়। সত্যি অসাধারণ অনুভূতি। আমরা চ্যাম্পিয়ন।’’
মেসির নজির: নজির গড়েই চলেছেন লিয়োনেল মেসি। মেজর লিগ সকারে টরন্টো এফসি-কে ৪-২ হারিয়ে ইন্টার মায়ামির জয়ের সরণিতে প্রত্যাবর্তনের ম্যাচে গোল করে ও করিয়ে নতুন নজির গড়লেন আর্জেন্টিনীয় মহাতারকা। ম্যাচের ৫৬ মিনিটে লুইস সুয়ারেস এবং ৭৩ মিনিটে সের্খিয়ো রেগুইলনকে দিয়ে গোল করান মেসি। সেই সঙ্গে এমএলএসে দ্রুততম গোলে সহায়তার নজিরও গড়লেন তিনি।