FIFA World Cup 2026

মেসিদের মুখোমুখি হওয়ার আগে ধর্ষণের অভিযোগ অধিনায়কের বিরুদ্ধে! পেতে পারেন কড়া শাস্তি, বিপাকে কাবো ভার্দে

বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সমস্যায় কাবো ভার্দে। দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৩:৩১
football

কাবো ভার্দের অধিনায়ক রায়ান মেন্ডেস। ছবি: রয়টার্স।

স্বপ্নপূরণের ম্যাচে নামার আগে বিপাকে কাবো ভার্দে। বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচের আগে দলের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত চলছে। কড়া শাস্তি পেতে পারেন রায়ান।

Advertisement

ব্রাজ়িলের সংবামাধ্যম ‘গ্লোবো’ এই খবর জানিয়েছে। চলতি বছর মার্চে নিউ জ়িল্যান্ডে ফিফা সিরিজ় চলাকালীন কাবো ভার্দে দলের সঙ্গে যুক্ত এক তরুণী রায়ানের বিরুদ্ধে ধর্ষণ ও মারধরের অভিযোগ করেছেন। তিনি কাবো ভার্দে দলে দোভাষীর কাজ করছিলেন।

ওই তরুণীর অভিযোগ, হোটেলে তাঁর ঘরে জোর করে ঢুকে তাঁকে ধর্ষণ ও মারধর করেছেন রায়ান। এই ঘটনার পর তিনি কাবো ভার্দে দলের তিন কর্তাকে বিষয়টি জানান। কিন্তু কেউ কোনও পদক্ষেপ করেননি। তার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।

‘গ্লোবো’ জানিয়েছে, তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাঁর যৌনাঙ্গ, গলা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত চলছে। তবে রায়ানের বিরুদ্ধে কী কী ধারায় অভিযোগ হয়েছে তা জানা যায়নি।

‘ইউএসএ টুডে’ জানিয়েছে, ফিফা তাদের বলেছে, এই ধরনের কোনও ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ করা হবে। নিউ জ়িল্যান্ডের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে ফিফা। তবে এর বাইরে এখনই কিছু বলতে চায়নি বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক কাবো ভার্দে। মাত্র ৫ লক্ষ জনসংখ্যার দেশ গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ের মতো দলকে আটকে দিয়েছে। তিনটি ম্যাচ ড্র করে রাউন্ড অফ ৩২-এ জায়গা করে নিয়েছে তারা। এ বার সামনে লিয়োনেল মেসির আর্জেন্টিনা। গত বারের বিশ্বচ্যাম্পিয়নদের হুঁশিয়ারি দিয়েছেন কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা। কিন্তু সেই ম্যাচে নামার আগে বিপাকে কাবো ভার্দে।

Advertisement
আরও পড়ুন