FIFA World Cup 2026

সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ! ক্ষমা চেয়ে চলে গেলেন দেশে ফেরার বিমান ধরতে

বিশ্বকাপে ভাল খেলেও শেষ ষোলোয় উঠতে পারেনি কঙ্গো। ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। সেই ধাক্কার পর পিতৃবিয়োগের ধাক্কাও পেলেন কঙ্গোর কোচ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৮:৩৩
football

কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। ছবি: রয়টার্স।

কিছু ক্ষণ আগেই তাঁর দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এগিয়ে গিয়েও ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয়েছে কঙ্গোর। নিয়ম মেনে সাংবাদিক বৈঠক করতে এসেছেন দলের কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। সাংবাদিক বৈঠকের মাঝে হঠাৎ বাবার মৃত্যুসংবাদ পেলেন তিনি। সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল সাংবাদিক বৈঠক।

Advertisement

সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন ফ্রান্সের নাগরিক সেবাস্তিয়ান। হঠাৎই মিডিয়া অফিসার ঘোষণা করেন, “সকলকে ধন্যবাদ। কিন্তু আমাদের একটা ঘোষণা রয়েছে। কোচের পিতৃবিয়োগ হয়েছে। ওঁকে সমবেদনা।”

এ কথা শুনে প্রথমে থমকে যান সেবাস্তিয়ান। কয়েক সেকেন্ড বিশ্বাস করতে পারছিলেন না তিনি। পরে কিছুটা থিতু হয়ে তিনি বলেন, “আমাকে ক্ষমা করবেন।” এ কথা বলেই উঠে যান তিনি। সেখানেই শেষ হয়ে যায় সাংবাদিক বৈঠক।

এই পুরো ঘটনা লাইভ চলছিল। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কোচের কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছে ফুটবলবিশ্ব। অনেক ফুটবলার ও সমর্থক তাঁকে সমবেদনা জানিয়েছেন।

জানা গিয়েছে, সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে সোজা বিমানবন্দরে গিয়েছেন সেবাস্তিয়ান। সেখান থেকে দেশে ফিরবেন তিনি। দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা সূচি অনুযায়ী ফিরবেন।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সেবাস্তিয়ানের অধীনে বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স করেছে কঙ্গো। ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে তারা। শুধু তাই নয়, বিশ্বকাপে প্রথম গোল, প্রথম জয় থেকে শুরু করে প্রথম বার নকআউটে ওঠা, সবই হয়েছে সেবাস্তিয়ানের কোচিংয়ে। কিন্তু একই সঙ্গে জোড়া ধাক্কা খেলেন তিনি। দলের বিদায়ের পর পেলেন বাবার মৃত্যুসংবাদ।

Advertisement
আরও পড়ুন