FIFA World Cup 2026

সত্যিই কি শেষ বিশ্বকাপ খেলছেন রোনাল্ডো? বোনের মন্তব্য নিয়ে মুখ খুললেন পর্তুগালের অধিনায়ক, ম্যাচের পর সান্ত্বনা মদ্রিচকে

ক্রোয়েশিয়াকে পর্তুগাল হারানোর পরেই অবসরের কথা বলে জল্পনা বাড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বোন আভেইরো। সেই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন পর্তুগালের অধিনায়ক। কী বলেছেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ২১:২৬
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। তার পরেই অবসরের কথা বলে জল্পনা বাড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বোন আভেইরো। সেই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন পর্তুগালের অধিনায়ক। পাশাপাশি ম্যাচের পর লুকা মদ্রিচের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল সেটাও প্রকাশ্যে এনেছেন।

Advertisement

বিশ্বকাপের নকআউটে প্রথম বার গোল করেছেন রোনাল্ডো। তাঁকেই ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়। বোনের মন্তব্য নিয়ে রোনাল্ডো বলেছেন, “এটা এখন গুরুত্বপূর্ণ নয়। বিশ্বকাপ জিতলে বা হেরে বিদায় নিলে তখন এটা নিয়ে কথা বলার সময় পাব। পরিবারের সঙ্গে কথা বলে সবচেয়ে ভাল যে সিদ্ধান্ত হবে, সেটাই নেব।”

রোনাল্ডো আরও বলেছেন, “আমি কখনও দুম করে কোনও সিদ্ধান্ত নিই না। খুব শান্ত মাথায় চিন্তা করি। আপাতত এখনকার পরিস্থিতি নিয়েই ভাবছি। জাতীয় দলকে কী ভাবে আরও সাহায্য করা যায় তার চিন্তা করছি।”

উল্লেখ্য, পর্তুগালের স্পোর্ট টিভিকে আভেইরো বলেছিলেন, ‘‘যত দিন সম্ভব উপভোগ করুক। এই অধ্যায়টা তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। খুব নির্ভরযোগ্য সূত্র থেকেই খবরটা পেয়েছি। সম্ভবত বিশ্বকাপই দেশের হয়ে শেষ প্রতিযোগিতা।’’

বিশ্বকাপে সমালোচিত দাদার পাশেও দাঁড়িয়েছিলেন আভেইরো। তিনি বলেছিলেন, ‘‘যাঁরা সত্যিই ফুটবল ভালবাসেন এবং খেলাটা বোঝেন, তাঁরা রোনাল্ডোকে সম্মান করেন। যাঁরা বোঝেন না, তাঁরা অন্যরকম কথা বলেন। ২০ বছরের বেশি সময় ধরে দাপটের সঙ্গে ফুটবল খেলছে। গোটা বিশ্বে খেলছে। আমাদের পরিবার কোন অবস্থায় ছিল আর এখন কোথায় পৌঁছেছে, আপনারাই দেখুন। আমাদের ছোটবেলায় মা অনেক কষ্ট করেছেন। কয়েক জনের সমালোচনা আমাদের খুশি কখনও কেড়ে নিতে পারবে না।’’

ক্রোয়েশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় আর দেখা যাবে না মদ্রিচকে। এক সময় রিয়াল মাদ্রিদে একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন রোনাল্ডোর সঙ্গে। ম্যাচের পর মদ্রিচের চোখে জল দেখা গিয়েছে। তাঁর কাছে গিয়ে সান্ত্বনা দেন রোনাল্ডো। দু’জনের মধ্যে কিছু কথাও হয়।

রোনাল্ডো বলেছেন, “আমি অনেক বছর লুকার সঙ্গে খেলেছি। আমাদের বয়সও প্রায় এক। ও এখনও ফুটবলের কিংবদন্তি। শীর্ষস্তরে ওকে এখনও খেলতে দেখে খুব ভাল লাগছে। আমি ওকে বললাম, ‘ধন্যবাদ লুকা। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা থাকল’।”

Advertisement
আরও পড়ুন