FIFA World Cup 2026

বিশ্বকাপ ফুটবলের আগে ইংল্যান্ডের ক্রিকেট দলে খেলতে চান হ্যারি কেন! স্টোকস-বিতর্কে প্রস্তাব ইংরেজ অধিনায়কের

নিউ জ়িল্যান্ডকে হারিয়ে উঠে মধ্যরাতে পানশালায় গিয়ে মারামারি করেছেন বেন স্টোকস। এই ঘটনায় শেষ হয়ে যেতে পারে তাঁর ক্রিকেট কেরিয়ার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৭:৪২
football

ব্যাট হাতে হ্যারি কেন। ছবি: এক্স।

কঠিন সময়ে ইংল্যান্ডের ক্রিকেট দলকে সাহায্যের জন্য এগিয়ে এলেন ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক। এমন একটি সময়ে যখন ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক দিন বাকি। নিউ জ়িল্যান্ডকে হারিয়ে উঠে মধ্যরাতে পানশালায় গিয়ে মারামারি করেছেন ইংল্যান্ডের ক্রিকেট অধিনায়ক বেন স্টোকস। এই ঘটনায় শেষ হয়ে যেতে পারে তাঁর ক্রিকেট কেরিয়ার। এই পরিস্থিতিতেই এগিয়ে এসেছেন কেন।

Advertisement

সমাজমাধ্যমে নিজের কয়েকটি ছবি দিয়েছেন কেন। সেখানে দেখা যাচ্ছে, ব্যাট ও স্পিন বল করছেন তিনি। ক্যাপশনে কেন লেখেন, “দরকার পড়লে সব সময় আছি।” অর্থাৎ, ইংল্যান্ডের ক্রিকেট দলে যদি তাঁকে দরকার পড়ে, তা হলে তিনি সাহায্য করতে রাজি।

তবে আপাতত ফুটবল বিশ্বকাপে মন দিতে হবে কেনকে। ৬০ বছর ধরে ফুটবল বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। এ বারও কেনকে অধিনায়ক করে দল সাজিয়েছে তারা। গোলের জন্য কেনের দিকেই তাকিয়ে দল। তাই আপাতত ক্রিকেট ভুলে শুধু ফুটবলের দিকেই মন দিতে হবে কেনকে।

পানশালায় মারামারির ঘটনায় স্টোকস এবং সতীর্থ গাস অ্যাটকিনসনের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইংল্যান্ড বোর্ড (ইসিবি)। এই পরিস্থিতিতে বেশ কিছু বিষয় আগামী দিনে দেখা যেতে পারে। স্টোকসকে অবসর নেওয়ার অনুমতি দিতে পারে ইসিবি। তিনি পদত্যাগ না করলে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি তদন্তের ফলাফল না বেরোনো পর্যন্ত স্টোকস এবং অ্যাটকিনসনকে নিলম্বিত করা হতে পারে। শৃঙ্খলারক্ষা কমিটিকে দিয়ে বাড়তি তদন্ত করানো হতে পারে।

যা-ই হোক না কেন, ইংল্যান্ডের নেতৃস্থানীয়রা বিপদের মুখে রয়েছে। এই ঘটনায় বোর্ড থেকে কোচিং স্টাফ, সকলের মুখ পুড়েছে। কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় গিয়ে ক্রিকেটারদের অতিরিক্ত মদ্যপান এবং হতাশাজনক ফল এখনও টাটকা। তার মধ্যে স্টোকসের দলীয় নিয়ম ভাঙা এবং পানশালার মারামারির ঘটনাকে হালকা ভাবে দেখছেন না বোর্ডকর্তারা।

স্টোকসের হাতেও কতগুলি বিকল্প রয়েছে। নেতৃত্ব থেকে ইস্তফা দিয়ে সাধারণ ক্রিকেটার হিসাবে খেলতে পারেন। অথবা নেতৃত্ব ধরে রাখার আপ্রাণ চেষ্টা করতে পারেন। সে ক্ষেত্রে বোর্ডের সরিয়ে দেওয়ার ঝুঁকি থাকছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিতে পারেন। ক্রিকেট থেকে কিছু দিনের বিরতি নিয়ে আবার ফিরতে পারেন।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অবসর নেওয়া চরমতম পদক্ষেপ হবে। স্টোকস সেটাই বেছে নিলে ১৫ বছরের ক্রিকেটজীবনের অবসান হবে। ইংল্যান্ডের আধুনিক ক্রিকেটের মুখ তিনি। নতুন কাউকে মুখ হিসাবে হাজির করাতে সময় লাগবে ইংল্যান্ডের।

২০১৭-য় ব্রিস্টলে ঠিক এ ভাবেই এক পানশালায় মারপিট করেছিলেন স্টোকস। এর পর অ্যাশেজ় থেকে বাদ পড়েছিলেন। ২০২১-এ মানসিক সমস্যার কারণে বিরতি নিয়েছিলেন। সাম্প্রতিক কালে তাঁর খেলা দেখে মনে করা হয়েছিল তিনি বদলে গিয়েছেন। সোমবার রাতের ঘটনা বুঝিয়েছে, স্টোকস বদলাননি। এখন দেখার, এই ঘটনা কোন খাতে এগোয়।

Advertisement
আরও পড়ুন