Chumki Chowdhury

‘প্রাপ্য পারিশ্রমিক দিতে চায় না কেউ, যা কিছু ক্ষেত্রে অসম্মানেরও’, কেন অভিনয় থেকে দূরে চুমকি চৌধুরী?

পরিবারের সূত্রে টলিপাড়ার সঙ্গে তাঁর অনেক দিনের যোগ। বাবা অঞ্জন চৌধুরী বহু সফল বাংলা ছবির পরিচালক। কেন প্রায় একবছর ছোটপর্দা থেকে দূরে চুমকি চৌধুরী?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ২০:৪২
চুমকি চৌধুরী কেন পর্দা থেকে দূরে?

চুমকি চৌধুরী কেন পর্দা থেকে দূরে? ছবি: সংগৃহীত।

২০২৫-এর জুলাই মাসে শেষ বারের মতো সম্প্রচারিত হয় ‘রোশনাই’ ধারাবাহিক। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা সেই ধারাবাহিকেই অভিনেত্রী চুমকি চৌধুরীকে শেষ বার দেখা গিয়েছে। তার পরে অনেক দিন হয়ে গেল ছোটপর্দা থেকে দূরে অভিনেত্রী। বড়পর্দাতেও অনেক কাজ করেননি তিনি। টলিউডের টালমাটাল পরিস্থিতি থেকে রাজনৈতিক মেরুকরণ— সময়ের সঙ্গে ইন্ডাস্ট্রির পরিবর্তনে কী বলছেন অভিনেত্রী?

Advertisement

পরিবারের সূত্রে টলিপাড়ার সঙ্গে তাঁর অনেক দিনের যোগ। উত্তম কুমারের মৃত্যুর পরে, বাংলা মূল ধারার ছবির গতিপথ বদলে দিয়েছিলেন অঞ্জন চৌধুরী। তার পর বহু সফল বাংলা ছবির পরিচালক তিনি। সেই সময়েও কি রাজনৈতিক ছায়া পড়ত বিনোদনজগতে? টালমাটাল পরিস্থিতির জন্যই কি চুমকি পর্দা থেকে দূরে?

চুমকি জানান, তাঁর বাবার সময়ের পরিস্থিতি, পরিবেশ একেবারেই অন্যরকম ছিল। অভিনেত্রী বলেন, “আসলে সে যুগ একেবারেই অন্যরকম ছিল। বাবা আমাদের সবসময় বলেছেন কাজে মন দিতে। বাকি কোথায় কী ঘটছে না ঘটছে সেটাকে গুরুত্ব না দিতে। এখনও আমি সেই পথ অনুসরণ করেই চলি। এখনও তা-ই করছি। এমনিতেও প্রায় এক বছর হল কাজ করছি না।”

টলিপাড়ার রদবদলের জন্যই কি কাজ থেকে দূরে অভিনেত্রী? চুমকির কথায়, শুধু যে সেই কারণ আছে, তা নয়। অভিনেত্রী বললেন, “নিজের কাজকে সবসময় গুরুত্ব দিয়েছি। তাই কখনও রাজনৈতিক কর্মকাণ্ড, রদবদল, বিতর্ক আমার উপরে প্রভাব ফেলেনি। তবে এখন অনেক দিন পর্দা থেকে দূরে থাকার নেপথ্যে অন্য কারণ রয়েছে।”

বর্তমানে ছোটপর্দার কাজের ধরনও বদলে গিয়েছে। চুমকি বলেন, “এখানে পারিশ্রমিক নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়। একেবারে প্রাপ্য পারিশ্রমিক দিতে চায় না কেউ। যা কিছু কিছু সময় অসম্মানেরও। এত বছর ধরে কাজ করছি। অভিজ্ঞতারও তো একটা মূল্য আছে। সেই নিরিখেই তো আমার পারিশ্রমিক চাইব আমি। সেই প্রাপ্য মূল্য যদি না দেয় কেন কাজ করব? তাই দুটো সুযোগ এসেছিল কাজের। কিন্তু না করে দিয়েছি। প্রাপ্য মূল্য না পেলে করব না।”

আপতত বাড়িতেই নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন চুমকি। ইন্ডাস্ট্রির বিতর্কে নিজেকে জড়াতে রাজি নন তিনি। এক মাস হল গ্রিসে বেড়িয়ে এসেছেন। বাড়িতে তাঁর আদরের পোষ্যেরা রয়েছে। সংসারেরও অনেক কাজ করতে হয় তাঁকে। সেই সব নিয়েই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সঠিক চিত্রনাট্যের সঙ্গে যদি প্রাপ্য পারিশ্রমিক না পান তা হলে সেই কাজে ‘হ্যাঁ’ বলতে মোটেই রাজি নন তিনি। তাতে যদি আরও কিছু দিন অপেক্ষা করতে হয়, বাড়িতে সময় কাটাতে হয় তিনি প্রস্তুত।

Advertisement
আরও পড়ুন