গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
একার কাঁধে ইংল্যান্ডকে বিশ্বকাপের শেষ ষোলোয় তুলেছেন হ্যারি কেন। কঙ্গোর বিরুদ্ধে পিছিয়ে পড়েও তাঁর জোড়া গোলে জিতেছে দল। ভেঙে ফেলেছেন কিলিয়ান এমবাপের রেকর্ড। খেলা শেষে কেনকে লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করেছেন সতীর্থ অ্যান্থনি গর্ডন। এই তুলনা শুনে মুখ খুলেছেন ইংল্যান্ডের অধিনায়ক।
কঙ্গোকে হারিয়ে গর্ডন বলেন, “কেনের পাশে খেলতে খুব ভাল লাগে। ও খুব উঁচু স্তরের ফুটবল খেলে। ওর এই ম়রসুমের সঙ্গে একমাত্র মেসির তুলনা চলে। মেসি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। তা হলেই ভাবুন, কেন কোন পর্যায়ের ফুটবল খেলছে।”
চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭২ গোল করেছেন কেন। ভেঙে ফেলেছেন রোনাল্ডোর এক মরসুমে করা ৬৯ গোলের রেকর্ড। তাঁর উপরে রয়েছেন কেবলমাত্র মেসি। এক মরসুমে ৯১ গোলের রেকর্ড রয়েছে তাঁর। কেনের এই ধারাবাহিকতার প্রশংসা শোনা গিয়েছে গর্ডনের মুখে। তিনি বলেন, “প্রতিদিন ওকে অনুশীলনে দেখি। ম্যাচে দেখি। ভাগ্যের জোরে এ ভাবে গোল করা যায় না। এর নেপথ্যে রয়েছে পরিশ্রম। অনুশীলেন পরিশ্রম করে বলেই কেন এত ধারাবাহিক। এই ধারাবাহিকতা মেসি, রোনাল্ডো দেখিয়েছে। ওদের পরেই কেনকে রাখব।”
বিশ্বকাপে ১৩ গোলের মালিক হয়েছে কেন। তিনি ছাপিয়ে গিয়েছেন পেলেকে। কেনের সামনে এখন রয়েছেন মেসি, এমবাপে, মিরোস্লাভ ক্লোজ়ে, ব্রাজ়িলের রোনাল্ডো ও গার্ড মুলার। ইংরেজ ফুটবলার যে ফর্মে রয়েছেন, তাতে এই বারই ক্লোজ়ের নজির ভেঙে দিতে পারেন তিনি।
তবে এমবাপের একটি রেকর্ড ভেঙেছেন কেন। ২০২০ সালের ইউরো কাপের পর থেকে বড় প্রতিযোগিতায় দেশের হয়ে নকআউটে ১০ গোল করেছেন কেন। ইউরোপের ফুটবলারদের মধ্যে যা সর্বাধিক। এমবাপে করেছেন সাতটি গোল। স্পেনের ড্যানি ওলমো, ডেনমার্কের ক্যাসপার ডলবার্গ ও পর্তুগালের গনসালো র্যামোস করেছেন তিনটি করে গোল।
মেসি ও রোনাল্ডোর সঙ্গে তুলনায় যেতে চাননি কেন। তিনি শুধু নিজের পরিশ্রমের কথা বলেছেন। খেলা শেষে তাঁকে গর্ডনের তুলনার কথা জানানো হলে কেন বলেন, “সেই কারণেই তো আমরা অনুশীলনে এত পরিশ্রম করি। সেটা আপনারা দেখতে পান না। আমরা যে ভাবে অনুশীলন করি, ম্যাচের ধকল সামলে আবার নামি, আইস বাথ নিই, চোট সামলে খেলি, সে গুলোর উপরেই নির্ভর করে ধারাবাহিকতা। সেই কারণেই এই পর্যায়ে দিনের পর দিন খেলতে পারি।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তার পরেই মেসি, রোনাল্ডোর প্রসঙ্গ টানেন কেন। তিনি বলেন, “মেসি, রোনাল্ডো সবচেয়ে উপরে। ওদের সঙ্গে যে আমার তুলনা হচ্ছে, তাতেই আমি গর্বিত। ভাল খেলছি। দলকে জেতাতে পারছি। এর থেকে আনন্দের কিছু নেই। তবে আসল লক্ষ্য বিশ্বকাপ জেতা। সেটারই চেষ্টা করছি।”