FIFA World Cup 2026

বিশেষ একজনকে শ্রদ্ধা জানাতে চেয়েছিল ফ্রান্স, এমবাপেদের আর্জি খারিজ ফিফার, পরতে দেওয়া হল না কালো বাহুবন্ধনী

গত মঙ্গলবার মারা গিয়েছেন দিদিয়ের দেশঁর মা। সহকারী কোচ গাই স্টিফেনকে দলের দায়িত্ব দিয়ে দেশে গিয়েছেন ফ্রান্সের কোচ। শনিবারই তাঁর আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৩:৫২
Picture of Football

কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

কালো বাহুবন্ধনী পরে নরওয়ে ম্যাচ খেলতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলেরা। বিশেষ একজনকে শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল ফ্রান্স শিবির। ফিফার কাছে আর্জিও জানানো হয়েছিল। কিন্তু ফ্রান্সের সেই আর্জি খারিজ করে দেন জিয়ান্নি ইনফান্তিনোরা।

Advertisement

বিশ্বকাপের মধ্যেই মাতৃহারা হয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। নরওয়ে ম্যাচে তিনি দলের সঙ্গে থাকতে পারেননি। মায়ের শেষকৃত্যে যোগ দিতে প্যারিস গিয়েছেন তিনি। জিনেট দেশঁকে শ্রদ্ধা জানানোর জন্য নরওয়ে ম্যাচটি কালো বাহুবন্ধনী পরে খেলতে চেয়েছিলেন এমবাপেরা। আমেরিকার সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-র প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্স ফুটবল ফেডারেশন সরকারি ভাবে আর্জি জানায় ফিফাকে। কিন্তু অনুমতি দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

এই আর্জি খারিজের পর ম্যাচ শুরুর আগে জিনেটের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের প্রস্তাব দেয় ফ্রান্স। তা-ও মানেনি ফিফা। যদিও ফ্রান্স-নরওয়ে ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন হয়েছে। সেটা হয়েছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের শ্রদ্ধা জানিয়ে। দেশঁর মা যেহেতু বিশ্বকাপের সঙ্গে যুক্ত ব্যক্তি নন, তাই ফিফা অনুমতি দেয়নি বলে জানা গিয়েছে।

গত মঙ্গলবার মারা গিয়েছেন দেশঁর মা। সহকারী কোচ গাই স্টিফেনকে দলের দায়িত্ব দিয়ে দেশে গিয়েছেন তিনি। ফুটবলারেরা অবশ্য তাঁকে হতাশ করেননি। নরওয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে গত বারের রানার্সেরা। হ্যাটট্রিক করে বিশ্বকাপে নজির গড়েছেন দেম্বেলে। শনিবারই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা দেশঁর।

Advertisement
আরও পড়ুন