FIFA World Cup 2026

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা! সঙ্গে ম্যাডোনা, কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড, আর কী রয়েছে ফিফার পরিকল্পনায়?

আগামী ফুটবল বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপ্তি অনুষ্ঠানেও কোনও খামতি রাখতে চাইছে না ফিফা। একাধিক তারকা পারফর্ম করবেন ফাইনালে। কারা রয়েছেন তালিকায়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৭:৩৫
football

শাকিরা। ছবি: রয়টার্স।

আগামী ফুটবল বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপ্তি অনুষ্ঠানেও কোনও খামতি রাখতে চাইছে না ফিফা। একাধিক তারকা পারফর্ম করবেন ফাইনালে। তবে চিরাচরিত রীতি মেনে এ বার ম্যাচের আগে সমাপ্তি অনুষ্ঠান হবে না। বিরতিতে সেই অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্বকাপ ফুটবলে প্রথম বার এই জিনিস হতে চলেছে।

Advertisement

জানা গিয়েছে, শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস পারফর্ম করবে ফাইনালে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল হবে। গত বার ফাইনাল দেখেছিলেন ৫০ কোটি দর্শক। এ বার সেই সংখ্যাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তবে বিরতির ১৫ মিনিটে এত জনের পারফরম্যান্স সম্ভব নয়। তাই বিরতির সময় বাড়ানোর চেষ্টা চলছে। এতে অবশ্য অনেক ফুটবলার অসন্তুষ্ট। ফিফা এখনও জানায়নি কত ক্ষণ বিরতি দেওয়া হবে।

আমেরিকায় যে খেলাটি ফুটবল নামে পরিচিত (যা খেলা হয় ডিম্বাকৃার বলে), সেই খেলার ন্যাশনাল ফুটবল লিগে একটি ম্যাচ আয়োজিত হয় ‘সুপার বোল’ নামে। ‘সুপার বোল’-এ প্রতি বছরই খ্যাতনামীরা পারফর্ম করেন। অতীতে ২০১২-য় ম্যাডোনা সেখানে পারফর্ম করেছেন। ২০২০-তে জেনিফার লোপেজ়ের সঙ্গে পারফর্ম করেন শাকিরা। এ ছাড়াও তিনি ২০১০ বিশ্বকাপের থিম সং এবং উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছিলেন।

ম্যাডোনা নতুন অ্যালবামের গান গাইতে পারেন। কোরিয়ার বিটিএস তরুণ প্রজন্মের মধ্যে খুবই জনপ্রিয়। ব্যান্ডের সাত সদস্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের পর আবার এক হয়েছেন। তাঁরাও মঞ্চ মাতাবেন।

Advertisement
আরও পড়ুন