ফিফা সভাপতি ইনফান্তিনো। ছবি: রয়টার্স।
বিশ্বকাপ শুরু বৃহস্পতিবার। তার আগে সমস্যায় খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা করলেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার তথা প্রাক্তন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। তাঁর অভিযোগ, ইনফান্তিনো তাঁকে জোর করে ফিফা সভাপতি হওয়া থেকে বঞ্চিত করেছেন।
২০১৫-এ ফিফা উত্তাল হয়েছিল আর্থিক দুর্নীতি কাণ্ডে। তৎকালীন ফিফা সভাপতি শেপ ব্লাটারকে দুর্নীতির দায়ে সরে দাঁড়াতে হয়। ২০০৭ থেকে ইউরোপীয় ফুটবলের দায়িত্বে থাকা প্লাতিনি তখন ফিফা সভাপতি হওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন। সেই সময় প্লাতিনির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু হয়। অভিযোগ ওঠে, ২০১১-য় ব্লাটার প্রায় ১২ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন প্লাতিনিকে।
ব্লাটার এবং প্লাতিনির বিরুদ্ধে সুইৎজ়ারল্যান্ডের দু’টি আলাদা আদালতে মামলা শুরু হয়। দু’জনকেই নির্বাসিত করা হয়। সেই সুযোগে ফিফা সভাপতি হন ইনফান্তিনো। পরে দু’জনেই অভিযোগ থেকে মুক্তি পান। এখন তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা নেই দেখেই ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্লাতিনি।
ফরাসি ফুটবলারের অভিযোগ, তাঁর বিরুদ্ধে সন্দেহজনক অভিযোগ করা হয়েছিল সে সময়। সুইৎজ়ারল্যান্ডের আদালতের তিন জন বিচারপতিকেও নাকি ঘুষ দেওয়া হয়েছিল। যদিও ফিফা এ বিষয়ে এখনও মুখ খোলেনি।
১৯৮০-র দশকে তিন বার বালঁ দ্যর পুরস্কার জিতেছিলেন প্লাতিনি। ফ্রান্স তথা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে ধরা হয় তাঁকে। ১৯৮৮-১৯৯২ পর্যন্ত ফ্রান্সের কোচ ছিলেন। এর পর ১৯৯৮ বিশ্বকাপ ফ্রান্সে নিয়ে আসার পিছনে আসল ভূমিকা নিয়েছিলেন।