FIFA World Cup 2026

বিশ্বকাপ থেকে ছিটকে গেল একটি দেশ, শনিবার সকালে প্রথম দল হিসাবে কারা বিদায় নিল?

ফুটবল বিশ্বকাপে শুরু হয়ে গেল বিদায় পর্ব। শনিবার সকালেই একটি দলের বিদায় নিশ্চিত হয়ে গেল। গ্রুপের শেষ ম্যাচে জিতলেও তারা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১০:১৬
picture of football

ফুটবল বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল একটি দেশের। ব্রাজ়িলের কাছে হেরে প্রথম দেশ হিসাবে ছিটকে গেল হাইতি। যদিও গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি রয়েছে সনি নর্দির দেশের। শনিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে মরক্কোর জয় হাইতিকে ছিটকে দিল।

Advertisement

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ০-১ ব্যবধানে হেরেছিল হাইতি। শনিবার ব্রাজ়িলের কাছে ০-৩ ব্যবধানে হারল তারা। দু’ম্যাচে আফ্রিকার দেশটির পয়েন্ট শূন্য। শেষ ম্যাচে মরক্কোকে হারাতে পারলে ৩ পয়েন্ট পেতে পারে হাইতি। তাতেও নকআউটের দরজা খুলবে না।

গ্রুপ ‘সি’র সব দলের দু’টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ব্রাজ়িল এবং মরক্কোর সংগ্রহ ৪ পয়েন্ট। এই দু’দলকে টপকাতে পারবে না হাইতি। দু’ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটিশেরা। গোল পার্থক্যে সুবিধাজনক জায়গায় রয়েছে স্কটল্যান্ড। তাদের গোল পার্থক্য ০। হাইতির -৪। তা ছাড়া মুখোমুখি লড়াইয়েও স্কটল্যান্ডের কাছে হেরেছে হাইতি। ফলে তাদের পক্ষে গ্রুপে প্রথম তিন দলের মধ্যে শেষ করা সম্ভব নয়।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠবে ৩২টি দল। ১২টি গ্রুপ থেকে ২৪টি দল ছাড়া তৃতীয় স্থানে শেষ করা আটটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। নিয়ম অনুযায়ী হাইতির আর কোনও সুযোগ রইল না।

Advertisement
আরও পড়ুন