Viral Video

আইআইটি ক্যাম্পাসে ঢুকে ‘শিকার’ সারল চিতাবাঘ! গভীর রাতে টুঁটি টিপে নিয়ে গেল ‘বাসিন্দাকে’, ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ক্যাম্পাসের বারান্দার সিঁড়ির কাছে শুয়ে ছিল একটি সারমেয়। হঠাৎ করেই সে সজাগ হয়ে ওঠে। টানা বারান্দার দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে কুকুরটি। কুকুরটির দিকে তেড়ে আসতে দেখা যায় শিকারি প্রাণীটিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১১:৫৫

ছবি: সংগৃহীত।

কলেজ ক্যাম্পাসে মুখোমুখি দুই ‘যোদ্ধা’। নিজের থেকে বলশালী প্রতিপক্ষ দেখেও পিছু হটল না কলেজ ক্যাম্পাসের ‘বাসিন্দা’। অনুপ্রবেশকারীকে দেখেই ঝাঁপিয়ে পড়ল বীরবিক্রমে। ভোরের দিকে মুম্বইয়ে আইআইটি ক্যাম্পাসে ঢুকে পড়ল এক চিতাবাঘ! কুকুর-চিতাবাঘের লড়াইয়ের দৃশ্য ধরা পড়ছে ক্যাম্পাসে থাকা সিসিটিভিতে। ঘটনাটি শুক্রবারের। গভীর রাতে চিতাবাঘের আগমনের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ক্যাম্পাসের বারান্দার সিঁড়ির কাছে শুয়ে ছিল একটি সারমেয়। হঠাৎ করেই সে সজাগ হয়ে ওঠে। টানা বারান্দার দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে কুকুরটি। গভীর রাত হওয়ায় ক্যাম্পাসটি জনশূন্যই ছিল। সারি সারি বাইক ও স্কুটি রাখা ছিল সেখানে। কুকুরটির দিকে তেড়ে আসতে দেখা যায় শিকারি প্রাণীটিকে। চিতাবাঘটিকে দেখেও পালিয়ে যায়নি কুকুরটি। বন্য জন্তুটি তেড়ে এসে ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে কুকুরটির উপর। প্রবল ঝটাপটি শুরু হয়। শেষমেশ সারমেয়র টুঁটি টিপে বারান্দা দিয়ে টেনে যে দিক দিয়ে এসেছিল, সে দিক দিয়েই ফিরে যায় চিতাবাঘটি। সেই দৃশ্যের ভিডিয়োটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

ক্যাম্পাসের বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ রাত প্রায় আড়াইটের দিকে আইআইটি-বোম্বে ক্যাম্পাসের ভেতরে স্টাফ হস্টেল এলাকায় প্রবেশ করেছিল। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী আহত হননি। চিতাবাঘের হানা দেওয়ার এই ঘটনার পর ক্যাম্পাস কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর অনেকেই ক্যাম্পাসের ছাত্রছাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Advertisement
আরও পড়ুন