Transport Minister Arjun Singh

দ্রুত ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের কাছে বাসমালিকেরা, হস্তক্ষেপের দাবি

রাজ্যের নতুন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সমস্যা সমাধানের এক রুপোলি রেখা দেখতে পাচ্ছে বেসরকারি বাস সংগঠনগুলি, এমনটাই দাবি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের। গত ১৮ মে পরিবহণ দফতরে ১০ দফা দাবি সংবলিত একটি চিঠি দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৩:২৬
Bus owners see a ray of hope following assurances from Transport Minister Arjun Singh, with indications of a swift fare hike

পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবশেষে কি কাটতে চলেছে বেসরকারি পরিবহণ ক্ষেত্রের দীর্ঘ দিনের অচলাবস্থা? গত ৯ বছরেরও বেশি সময় ধরে রাজ্যে বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি হয়নি। ফলে তীব্র আর্থিক সঙ্কটে ভুগছিলেন বেসরকারি বাসমালিকেরা। এই পরিস্থিতিতে রাজ্যের নতুন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সমস্যা সমাধানের এক রুপোলি রেখা দেখতে পাচ্ছে বেসরকারি বাস সংগঠনগুলি, এমনটাই দাবি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের। গত ১৮ মে পরিবহণ দফতরে ১০ দফা দাবি সংবলিত একটি চিঠি দেওয়া হয়েছে।

Advertisement

পরবর্তী কালে, গত ১৪ জুন নতুন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের সঙ্গে ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’-এর প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিগত দীর্ঘ সময় ধরে বেসরকারি পরিবহণ ক্ষেত্রের আলোচনার দরজা যে ভাবে বন্ধ ছিল, তা খোলা গিয়েছে। আমরা নতুন মন্ত্রীর কাছে আমাদের দাবি তুলে ধরতে পেরেছি। ভাড়াবৃদ্ধি ছাড়াও রাজ্যের বিভিন্ন টোল ট্যাক্স, টোটো ও অটোর দৌরাত্ম্য এবং পুলিশের একাংশের হয়রানি-সহ একাধিক বিষয়ে মন্ত্রীর সঙ্গে তাঁদের বিস্তারিত আলোচনা হয়েছে।’’ পরিবহণমন্ত্রী বিষয়গুলি সহানুভূতির সঙ্গে শোনেন এবং সমস্যাগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে পুনরায় ১৭ জুন তাঁদের সাক্ষাতের সময় দেন। সেই মোতাবেক গত ১৭ জুন মন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকটিও ইতিবাচক হয়েছে বলে সংগঠন সূত্রে খবর। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস-এর পক্ষ থেকে ইতিপূর্বেই দুই দফায় সমস্ত জমে থাকা সমস্যা লিখিত আকারে মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের জমে থাকা এই জট এ বার দ্রুত কাটতে পারে বলে মনে করছেন বাসমালিকেরা।

বাস সংগঠনগুলির দাবি, আমরা অত্যন্ত আশাবাদী যে, আগামী কিছু দিনের মধ্যেই এই জটিলতা কাটবে। রাস্তাঘাটে কী ভাবে আরও বেশি করে বাস নামানো যায়, সরকার সেই পরিকল্পনা করছে। যত দ্রুত সমস্যার সমাধান হবে, তত দ্রুত রাস্তায় বাসের সংখ্যা বাড়বে। তাঁদের আরও বক্তব্য, আর্থিক ক্ষতি সামলাতে না পেরে যে সমস্ত বাসমালিক এই ব্যবসা থেকে হারিয়ে গিয়েছিলেন, সরকারের ইতিবাচক পদক্ষেপের আলো দেখলে তাঁরা আবারও ফিরে আসবেন। পরিবহণ শিল্পের ভবিষ্যৎ রক্ষার্থে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পরিবহণমন্ত্রীর বিবেচনার দিকে তাকিয়ে রয়েছেন বেসরকারি বাসমালিকেরা।

Advertisement
আরও পড়ুন