Indian Football

জ়িম্বাবোয়ের কাছেও হার, লন্ডন থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতকে, ইউনিটি কাপে সবার শেষে জামিলের দল

জামাইকার কাছে প্রথম ম্যাচে হেরেছিল ভারত। শনিবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ ছিল জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। সেই ম্যাচেও ০-১ ব্যবধানে হেরে গেল ভারতীয় দল। ফলে লন্ডনে হওয়া ইউনিটি কাপ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে খালিদ জামিলের দলকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ২২:৫৮
football

ভারত-জ়িম্বাবোয়ে ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।

জামাইকার কাছে প্রথম ম্যাচে হেরেছিল ভারত। শনিবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ ছিল জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। সেই ম্যাচেও ০-১ ব্যবধানে হেরে গেল ভারতীয় দল। ফলে লন্ডনে হওয়া ইউনিটি কাপ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে খালিদ জামিলের দলকে। প্রথমার্ধে প্রিন্স দুবের পেনাল্টি থেকে করা গোলে জিতেছে জ়িম্বাবোয়ে। ভারত প্রতিযোগিতায় একটি গোলও করতে পারেনি। হজম করেছে দু’টি গোল।

Advertisement

আগের ম্যাচের দল থেকে চার জনকে পরিবর্তন করেছিলেন জামিল। বিক্রম প্রতাপ সিংহ, রহিম আলি, ম্যাকার্টন নিকসন এবং রিকি শ্যাবং শুরু করেছিলেন। ইতিবাচক ভাবে প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিল ভারতীয় দল। তা হল না। জ়িম্বাবোয়ের পায়ের বলের নিয়ন্ত্রণ ছিল বেশি। তারা বেশি আগ্রাসী ফুটবল খেলেছে।

চতুর্থ মিনিটে একটি বিপজ্জনক ক্রস ভেসে এসেছিল ভারতের বক্সে। তা ক্লিয়ার করেন সন্দেশ জিঙ্ঘন। ১৫ মিনিটের মাথায় শেন মেজ়ুদার আক্রমণও প্রতিহত করেন জিঙ্ঘন। প্রথমার্ধে ভারতের সবচেয়ে ভাল সুযোগ এসেছিল ২৯ মিনিটে। শ্যাবং একটি বল ভাসিয়েছিলেন বিক্রমের উদ্দেশে। বিক্রম বলটি নিয়ে জ়িম্বাবোয়ের গোলের দিকে এগিয়েছিলেন। তা ক্লিয়ার করে দেন জন তাকওয়ারা।

চার মিনিট পরেই গোল দেয় জ়িম্বাবোয়ে। মারুদজ়া বাঁ দিকে বল পেয়ে তা বাড়িয়েছিলেন ওয়াশিংটন গিফ্‌ট নাভায়ার দিকে। ওয়াশিংটন শট মারার আগে তাঁকে পিছন থেকে অবৈধ ট্যাকল করেন ফারুখ চৌধরি। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। দুবে পেনাল্টি থেকে গোল করেন।

দ্বিতীয়ার্ধে ভারতের খেলায় ঝাঁজ আসে। তবে প্রতি আক্রমণে বিপদে ফেলছিল জ়িম্বাবোয়ে। গুরপ্রীত ভাল সেভ করেন। তবে ভারত সমতা ফেরাতে পারেনি। এর পর ৫ এবং ৯ জুন তাজিকিস্তানের বিরুদ্ধে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলবে ভারত।

Advertisement
আরও পড়ুন