FIFA World Cup 2026

ভারতে বিশ্বকাপ সম্প্রচার ঘিরে অসন্তোষ, ঠিক মতো দেখাই গেল না উদ্বোধনী অনুষ্ঠান এবং মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

খেলা চলাকালীন কয়েক বার সম্প্রচারে বিঘ্ন ঘটেছে। টেলিভিশনের স্ক্রিন ফ্রিজ় হয়ে গিয়েছে। বার বার বিঘ্ন হওয়ায় বিরক্ত ফুটবলপ্রেমীরা। প্রশ্ন উঠেছে পরিষেবার মান নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৩:৪০
picture of football

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অসন্তোষ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দীর্ঘ অনিশ্চয়তার পর জ়ি গোষ্ঠী ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। কিন্তু প্রথম দিনই সম্প্রচার নিয়ে তৈরি হল সমস্যা। উদ্বোধনী অনুষ্ঠান এবং খেলা ঠিক মতো দেখতে না পাওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

Advertisement

বিশ্বকাপ দেখার জন্য অন্তত ৭৯৯ টাকা খরচ করতে হচ্ছে। খেলা চলাকালীন কয়েক বার সম্প্রচারে বিঘ্ন ঘটেছে। টেলিভিশনের স্ক্রিন ফ্রিজ় হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। বার বার খেলা বিঘ্ন হওয়ায় তাঁরা বিরক্ত। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শুরু হয়। বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘিরে স্বাভাবিক ভাবেই উৎসাহ ছিল। শুক্রবার কাজের দিন হলেও অনেকেই রাত জেগে খেলার দেখার প্রস্তুতি নিয়েছিলেন। বিশ্বকাপ শুরুর আগে ৭৯৯ টাকার প্যাকে তিনটি ডিভাইস যুক্ত করা যাচ্ছিল। প্রতিযোগিতা শুরুর আগের দিন হঠাৎ ডিভাইসের সংখ্যা একটি করে দেওয়া হয়। তা নিয়ে ক্ষোভ তৈরি হয়।

উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচের সময় অনেকে বার বার সরাসরি সম্প্রচারে সমস্যার অভিযোগ করেন। অনেকেই জানিয়েছেন, ম্যাচ দেখার সময়ে লাইভস্ট্রিমিং বার বার আটকে গিয়েছে। বাফারিং, সার্ভার ফ্রিজ় এবং ভিডিয়োর মান খারাপ বলে দাবি তাঁদের। বেলঘরিয়ার বাসিন্দা সৌরভ গুহ বিরক্ত, ‘‘এ ভাবে খেলা দেখা বিরক্তিকর। বিশ্বকাপের খেলা এ ভাবে দেখা যায়? যাঁরা দায়িত্ব নিয়েছেন, তাঁদের উচিত ঠিকঠাক পরিষেবা দেওয়া। টাকা তো কম নিচ্ছেন না তাঁরা।’’ সমস্যা শুধু কলকাতর দর্শকদের হয়েছে এমন নয়। দুর্গের বাসিন্দা প্রসূন রায়ও বিরক্ত। তিনি বললেন, ‘‘খেলার দেখা আনন্দটাই নষ্ট করে দিল জ়ি কর্তৃপক্ষ। এত নিম্নমানের সম্প্রচার আশা করিনি। কর্তৃপক্ষের ভাবা উচিত।’’

সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে ফোর কে স্ট্রিমিং নিয়ে। যাঁরা চড়া দামে ফোর কে স্ট্রিমিং নিয়েছেন, তাঁরা উদ্বোধনী অনুষ্ঠান দেখতেই পারেননি। সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই প্রশ্নের মুখে জ়ি কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন