Inter Miami

১০০০তম গোলের দিকে আর একটু এগোলেন মেসি, তবু নতুন স্টেডিয়ামে ইন্টার মায়ামিকে প্রথম ম্যাচ জেতাতে পারলেন না

নতুন ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে দু’বার পিছিয়ে পড়েও হার বাঁচাল ইন্টার মায়ামি। গোল করেছেন লিয়োনেস মেসি এবং লুই সুয়ারেজ়। অস্টিন এফসির রক্ষণের সামনে বার বার আটকে গিয়েছেন মেসিরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৬:৫৭
picture of football

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

১০০০ গোলের দিকে আরও এগিয়ে গেলেন লিয়োনেল মেসি। ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামের প্রথম ম্যাচেই গোল করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। নিজের নামাঙ্কিত ‘লিয়ো মেসি স্ট্যান্ড’-এর সামনেই ম্যাচের ১০ মিনিটে গোল করেন মেসি।

Advertisement

নতুন ঘরের মাঠের প্রথম ম্যাচে মেসির গোলও জেতাতে পারল না ই্টার মায়ামিকে। মেজর লিগ সকারে অস্টিন এফসির বিরুদ্ধে মায়ামির ম্যাচ শেষ হল ২-২ গোলে। মেসি এগিয়ে আরও একটু এগিয়ে গেলেন পেশাদার ফুটবলে ১০০০ গোলের দিকে। এই মাইলফলক স্পর্শ করতে মেসির প্রয়োজন আরও ৯৭টি গোল। অস্টিন এফসির বিরুদ্ধে নিজের ৯০৩তম গোলটি করেছেন মায়ামি অধিনায়ক।

ম্যাচের প্রথম গোলটি করেন অস্টিন এফসির গুইলহার্ম বিরোর। ম্যাচের মিনিটে তাঁর গোলে পিছিয়ে পড়েন মেসিরা। মায়ামির নতুন ন্যু স্টেডিয়ামে প্রথম গোল করার নজির গড়েছেন বিরোর। মায়ামিকে অবশ্য বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি। ৪ মিনিট পরই দলকে সমতায় ফেরান মেসি।

সমতা ফেরানোর পর ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেন মেসিরা। মাঠে তাঁদের আধিপত্য থাকলেও অস্টিনের রক্ষণভাগের সামনে বার বার আটকে গিয়েছেন মায়ামির ফুটবলারেরা। কিছুটা খেলার গতির বিপরীতে ৫৩ মিনিটে অস্টিনকে দ্বিতীয় বার এগিয়ে দেন জেইডেন নেলসন। হারের আশঙ্কায় ৭৩ মিনিটে লুই সুয়ারেজ়কে মাঠে নামান মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো। ৮১ মিনিটের মাথায় সুয়ারেজ়ের গোলে সমতা ফেরায় মায়ামি।

একটুর জন্য জয় হাতছাড়া হয়েছে মায়ামির। ৯০ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রিকিক পায় তারা। মেসির শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল ধরে গোল করেছিলেন সুয়ারেজ। কিন্তু অফসাইডের জন্য তাঁর গোলটি বাতিল করে দেন রেফারি।

শনিবারই ২৬ হাজার আসনের ন্যু স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন ক্লাবের দুই কর্ণধার ডেভিড বেকহ্যাম এবং জর্জ মাস। একই সঙ্গে উদ্বোধন হয়েছে ‘লিয়ো মেসি স্ট্যান্ড’-এর।

Advertisement
আরও পড়ুন