FIFA World Cup 2026

নাদালের তথ্যচিত্র দেখে বিশ্বকাপের প্রস্তুতি মেসির! পেয়েছেন নিজের সঙ্গে মিল, শিখে চলেছেন ৩৮ বছরের লিয়ো

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে লিয়োনেল মেসি। খেতাব রক্ষার চ্যালেঞ্জ সামলাতে নিয়েছেন বিশেষ প্রস্তুতি। দেখেছেন রাফায়েল নাদালকে নিয়ে তৈরি তথ্যচিত্রও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৬:১৩
picture of football

(বাঁ দিকে) লিয়োনেল মেসি এবং রাফায়েল নাদাল (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রিয়াল মাদ্রিদের সমর্থক রাফায়েল নাদাল। লা লিগার ক্লাবটির সঙ্গে তাঁর যোগাযোগ নিবিড়। সেই সূত্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক তাঁর। প্রিয় ফুটবলার হিসাবে সিআর সেভেনের নাম বেশ কয়েক বার শোনা গিয়েছে নাদালের মুখে। অথচ নেটফ্লিক্সে নাদালকে নিয়ে তৈরি তথ্যচিত্র দেখে বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রস্তুতি নিয়েছেন লিয়োনেল মেসি।

Advertisement

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন লিয়ো। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে প্রথম হ্যাটট্রিক। তার উপর দেশের হয়ে ২০০তম ম্যাচ। সব মিলিয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার নেওয়ার পর মেসি জানিয়েছেন তাঁর বিশ্বকাপ প্রস্তুতির কথা। মেসি বলেছেন, ‘‘ছোট থেকেই আমি ফুটবল খেলতে ভালবাসি। ভাল ফর্মে থাকলে নিজের সর্বস্ব দিয়ে খেলি। রাফায়েল নাদালকে নিয়ে তৈরি তথ্যচিত্রটা দেখেছি। দেখে মনে হয়েছে, আমরা অনেকটা একই রকম। আমি ভাল কিছু করতে চাই। ভাল ফর্মে থাকলে, ভাল কন্ডিশনে থাকলে অবশ্যই চেষ্টা করব।’’

নাদাল কী ভাবে নিজেকে তৈরি করতেন, কেমন ফিটনেস ট্রেনিং করতেন, সব দেখেছেন লিয়ো। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের মানসিক প্রস্তুতির পদ্ধতি থেকে শেখার চেষ্টা করেছেন বিশ্বকাপে আলজেরিয়া ম্যাচের আগে। ফুটবলে মেসির জেতার কিছু বাকি নেই। হয়তো এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তা-ও মাঠে প্রতি মুহূর্তে নিজের সেরাটা দিতে চান। খেলার জন্য খেলতে চান না। আর্জেন্টিনার আরও এক বার বিশ্বজয়ের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছেন। নাদাল যেমন কোর্টে প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়তেন না, মেসিও সে ভাবেই লড়তে চান।

মেসির বয়স এখন ৩৮। পেশাদার ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবলে তাঁর পক্ষে যা যা খেতাব জেতা সম্ভব ছিল, সব জিতেছেন। ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন নতুন লক্ষ্য নিয়ে। এ বার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সামলাতে নাদালের তথ্যচিত্র দেখেছেন এক সময় বার্সেলোনার ঘরের ছেলে। হোক না প্যানিশ টেনিস তারকার প্রিয় ফুটবলারের নাম রোনাল্ডো!

Advertisement
আরও পড়ুন