লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।
বিশ্বকাপের মাঝে ক্লাবস্তরে দল বদল সেরে ফেললেন ব্রাজ়িলের ফুটবলার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে আমেরিকার মায়ামিতে পাড়ি দিচ্ছেন কাসেমিরো। লিয়োনেল মেসির সতীর্থ হতে চলেছেন তিনি। কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা।
কাসেমিরো চুক্তির সব শর্ত মেনে নিয়েছেন বলে জানা গিয়েছে। শুধু মেডিক্যাল বাকি। সেটাও বিশ্বকাপ চলাকালীন হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। প্রতিযোগিতা শেষ হলেই মায়ামির দলে যোগ দেবেন কাসেমিরো।
রিয়াল মাদ্রিদে দীর্ঘ দিন সুনামের সঙ্গে খেলেছেন কাসেমিরো। বহু ট্রফি জিতেছেন। সেখান থেকে বছর চারেক আগে পাড়ি দেন লাল ম্যাঞ্চেস্টারে। তবে রিয়ালের মতো ফর্মে দেখা যায়নি তাঁকে। ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপ এবং লিগ কাপ জিতেছেন তিনি। তার আগে রিয়ালের হয়ে তিনটি লাল লিগা, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ-সহ আরও অনেক ট্রফি জিতেছেন।
মায়ামি দলে মেসিই আসল মুখ। এ বার ব্রাজ়িলের সতীর্থকে পাচ্ছেন তিনি। রিয়ালে খেলার সময় বহু বার বার্সেলোনার মেসিকে আটকানোর দায়িত্ব থাকত কাসেমিরোর উপর। নতুন ক্লাবে দু’জনের জুটি কেমন হয় সেটাই দেখার।
বিশ্বকাপে অবশ্য এখনও ছাপ ফেলতে পারেননি কাসেমিরো। প্রথম ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি তাঁকে। বিরতিতেই তুলে নিতে হয়। দ্বিতীয় ম্যাচে তবু একটু ভাল খেলেন। তবে বয়স হয়ে যাওয়ার কারণে খেলায় ক্ষিপ্রতা কমেছে তাঁর।