হতাশ: গোলের বল তৈরি করতে ব্যর্থ ব্রুনো। ছবি: রয়টার্স।
ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাবি লড়াইয়ে টিকে থাকতে হলে শনিবার ম্যাঞ্চেস্টার সিটিকে জিততেই হত ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে। সেই পরীক্ষায় ৩-০ গোলে জিতে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন দু’পয়েন্ট পিছিয়ে রইল পেপ গুয়ার্দিওলার দল।
এ দিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধে জেরেমি ডোকু (৬০ মিনিট), আর্লিং হালান্ড (৭৫) এবং সংযুক্ত সময়ে ওমর মারমুশ ম্যান সিটির জয় নিশ্চিত করেন। এর আগে এভার্টনের সঙ্গে ৩-৩ ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল সিটি। হতাশ পেপ বলেছিলেন, ‘‘খেতাবি লড়াই আর আমাদের হাতে নেই।’’ রবিবার আর্সেনাল মুখোমুখি ওয়েস্ট হ্যামের। এই ম্যাচ জিতে আবার মিকেল আর্তেতার দল পাঁচ পয়েন্টে এগিেয় যেতে পারে কি না সেটাই দেখার।
এ দিন আবার সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যদিও চ্যাম্পিয়ন্স লিগে তাদের খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল শেষ ম্যাচেই। তাই এই ম্যাচে হারলেও সমস্যা হত না ব্রুনো ফের্নান্দেসদের।
সান্ডারল্যান্ডের ঘরের মাঠে এ দিন পরীক্ষামূলক দল সাজিয়েছিলেন মাইকেল ক্যারিক। জোশুয়া জ়ার্কজ়িকে স্ট্রাইকার হিসেবে নামিয়েছিলেন শুরুতে। কিন্তু তিনি গোলের মুখ খুলতে পারেননি। কাসেমিরোকেও বিশ্রাম দেওয়া হয়েছিল শুরুতে। তাঁর জায়গায় খেলানো হয় ম্যাসন মাউন্টকে। কিন্তু গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হন। টানা পাঁচ ম্যাচ জেতার স্বপ্নপূরণ হল না ভক্তদের।
অন্য দিকে চেলসির বিরুদ্ধে ১-১ ড্র করে সমস্যা বাড়াল লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে মাত্র ছ’মিনিটে রায়ান গ্র্যাভেনবার্কের গোলে এগিয়ে যায় লিভারপুল। দর্শকেরা ভেবেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ খেলার লক্ষ্যেই হয়তো শুরু থেকে আগ্রাসী তাদের প্রিয় দল। কিন্তু ৩৫ মিনিটে এনজ়ো ফের্নান্দেস গোল শোধ করে দেন। তার পর থেকে গোলের মুখ খুলতে পারেনি লিভারপুল।
চেলসির বিরুদ্ধে ড্র করে বিপদ ডেকে আনল আর্নে স্লটের দল। ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। কিন্তু এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্টে অ্যাস্টন ভিলা। রবিবার বার্নলির বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। এই ম্যাচ যদি এমিলিয়ানো মার্তিনেসরা জিততে পারেন, লিভারপুলকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে যাবে তারা।