FIFA World Cup 2026

কানাডার আদালতেও খারিজ ভিসার আবেদন, বিশ্বকাপে ঘানার প্রথম ম্যাচে খেলতে পারবেন না পার্তে, কী অপরাধ মিডফিল্ডারের?

কানাডার বিদেশ দফতরের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সে দেশের আদালতের দ্বারস্থ হন থমাস পার্তের আইনজীবী। বিশ্বকাপের ম্যাচের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে ভিসা মঞ্জুর করার আবেদনও করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৯:৫৪
picture of football

থমাস পার্তে। —ফাইল চিত্র।

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন না ঘানার মিডফিল্ডার থমাস পার্তে। তাঁর ভিসার আবেদন খারিজ হয়ে গেল কানাডার আদালতেও। পানামার বিরুদ্ধে টরেন্টোয় খেলার আর কোনও আশা রইল না তাঁর।

Advertisement

ঘানার বাকি ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসা মঞ্জুর করা হলেও পার্তের আবেদন প্রথমেই খারিজ করে দেওয়া হয়। কানাডার বিদেশ দফতরের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সে দেশের আদালতের দ্বারস্থ হন ফুটবলারের আইনজীবী। বিশ্বকাপের ম্যাচের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে ভিসা মঞ্জুর করার আবেদনও করা হয়। কিন্তু বিচারক রজার লাফ্রেনিয়ের সেই আবেদন খারিজ করে দিয়েছেন। রায়ে তিনি বলেছেন, পার্তে যথেষ্ট যুক্তি দিতে পারেননি।

আর্সেনালের হয়ে খেলার সময় পার্তের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যুক্তরাজ্যের আদালতে সেই মামলা এখনও বিচারাধীন। চলতি বছরের শেষে শুনানি শুরু হওয়ার কথা ছিল সাউথওয়ার্ক ক্রাউন আদালতে। তা পিছিয়ে গিয়েছে। ২০২৭ সালের ৮ জুন থেকে শুরু হবে শুনানি। আপাতত জামিনে মুক্ত রয়েছেন ঘানার ৩২ বছরের মিডফিল্ডার। আর্সেনালের হয়ে পাঁচ বছর খেলার পর ২০২৫ সালে পার্তে যোগ দেন স্পেনের ক্লাব ভিয়ারিয়ালে। আদালতে অভিযুক্ত হলেও ক্লাব এবং দেশের হয়ে খেলতে বাধা নেই পার্তের। এই মামলার জন্যই কানাডা প্রশাসন তাঁর ভিসার আবেদন খারিজ করে দেয়।

Advertisement
আরও পড়ুন