ISL 2026

মোহনবাগান জার্সিতে শেষ ম্যাচ? জবাব পেত্রাতোসের, ‘ট্রফিজয় কঠিন, কিন্তু অসম্ভব নয়’, জানিয়ে দিলেন কোচ লোবেরা

বৃহস্পতিবার চলতি আইএসএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। ট্রফি জেতার লক্ষ্যেই তাঁরা নামবেন, জানিয়ে দিলেন কোচ সের্জিয়ো লোবেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৯:১০
football

দিমিত্রি পেত্রাতোস। —ফাইল চিত্র।

ট্রফিজয় আর নিজেদের হাতে নেই মোহনবাগানের। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল জিতলেই বাগানের স্বপ্নভঙ্গ হবে। কিন্তু তাও আত্মবিশ্বাস হারাতে চাইছেন না মোহনবাগানের কোচ সের্জিয়ো লোবেরা। ট্রফি জেতার লক্ষ্যেই যে তাঁরা নামবেন, তা জানিয়ে দিলেন লোবেরা। একই কথা শোনা গেল দিমিত্রি পেত্রাতোসের মুখে। শেষ ম্যাচের আগে বিতর্ক এড়ালেন বাগানের বিদেশি তারকা।

Advertisement

১৯ মে সমাজমাধ্যমে নিজের কয়েকটি ছবির কোলাজ পোস্ট করেছিলেন পেত্রাতোস। ক্যাপশনে লিখেছিলেন, ‘ওয়ান লাস্ট ডান্স।’ সেই ছবি দেখে জল্পনা শুরু হয়েছে, মোহনবাগান জার্সিতে এটাই তাঁর শেষ ম্যাচ। এর পর দল ছাড়বেন তিনি। সাংবাদিক বৈঠকে যে তাঁকে এই প্রশ্ন করা হবে, তা সম্ভবত আগে থেকেই বুঝতে পেরেছিলেন দিমি। তাই সেই প্রশ্ন এড়িয়ে গেলেন তিনি।

পরের মরসুমে তিনি মোহনবাগানে খেলবেন কি না, সেই কথাতেই গেলেন না পেত্রাতোস। তিনি বললেন, আগামী ম্যাচের কথা। পেত্রাতোস বললেন, “আমার লক্ষ্য একই থাকে। মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া। আমি জানি, সবুজ-মেরুন জার্সি পরার মানে কী। কালও মাঠে নামব। দলকে জেতানোর জন্য লড়ব। শেষ ম্যাচ উপভোগ করতে চাই। তার পর কী হবে, দেখা যাবে।” এড়িয়ে গেলেও তিনি আগামী মরসুমে যে এই দলেই খেলবেন, তা-ও স্পষ্ট করে বলেননি অস্ট্রেলিয়ার ফুটবলার।

অতীতের কথা না ভেবে আপাতত শেষ ম্যাচ জিততে চান পেত্রাতোস। তিনি বলেন, “আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে নামব। নিজেদের সেরাটা দেব। এটাই শেষ ম্যাচ। সকলে মাঠে আসুন। সমর্থন করুন। নিজেদের সবটা উজাড়় করে দেব। অতীত নিয়ে ভেবে লাভ নেই। কাল কী করতে হবে, সেটা জানি। সেটাই করার চেষ্টা করব।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভবিষ্যৎ নিয়ে কিছু না বললেও অনুশীলনের পর একটি ইঙ্গিত দিয়ে গেলেন পেত্রাতোস। অনুশীলন দেখতে হাজির হয়েছিল এক খুদে। অনুশীলনের পর পেত্রাতোসকে সামনে পেয়ে তাঁকে থেকে যাওয়ার অনুরোধ করে সে। পেত্রাতোস কিছু না বললেও জার্সি খুলে সেই খুদেকে উপহার দেন। তার পর মাঠ ছাড়েন তিনি।

কোচ লোবেরা জানেন, তাঁদের হাতে চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করছে না। কিন্তু দলকে চাপে রাখতে চাইছেন না তিনি। লোবেরা বলেন, “আমাদের প্রথম লক্ষ্য জেতা। গোলের ব্যবধানের দিকেও নজর রাখতে হবে। জানি, ট্রফিজয় কঠিন। কিন্তু অসম্ভব নয়। ফুটবলে সবকিছুই হতে পারে।” প্রতিপক্ষ দিল্লি স্পোর্টিং ক্লাবকে হালকা ভাবে নিচ্ছেন না লোবেরা। বললেন, “ওদের হারানোর কিছু নেই। তাই ওদের উপর চাপও নেই। ওরা ভাল খেলছে। তাই জিততে গেলে ১০০ শতাংশ দিতে হবে।”

গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোটের কারণে আপুইয়াকে পাবে না মোহনবাগান। কার্ড সমস্যায় নেই আলবের্তো রদ্রিগেজ়। জেস কামিংসের খেলা নিয়েও সংশয় রয়েছে। এতে কি চাপ বাড়ছে তাঁর উপর? লোবেরার জবাব, “আপুইয়া, আলবের্তো নেই। কামিংসকে নিয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেব। আমরা এই পরিস্থিতিতে থাকতে চাইনি। কিছু করার নেই। কিন্তু এখনও সুযোগ আছে। বিশ্বাস আছে। সেই বিশ্বাস নিয়েই খেলতে চাই।”

সমর্থকদের আনন্দ দিয়ে মরসুম শেষ করতে চান লোবেরা। বাগান কোচ বলেন, “সমর্থকেরা গোটা মরসুম পাশে থেকেছেন। তাঁদের কাছে চাওয়ার কিছু নেই। এ বার ফিরিয়ে দেওয়ার পালা। আশা করছি, সমর্থকদের জন্য জিতব। সমর্থকদের মুখে হাসি ফোটাব।”

Advertisement
আরও পড়ুন