SAFF Cup

কেন্দ্রের অনুমতির পরেও ভিসা সমস্যা! এখনও ভারতে আসতে পারেনি পাকিস্তান ফুটবল দল

কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেও এখনও সাফ প্রতিযোগিতা খেলতে ভারতে আসতে পারেনি পাকিস্তান ফুটবল দল। ভিসা সমস্যায় আটকে রয়েছে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৮:৫২
Representative image of football

—প্রতীকী চিত্র।

সাফ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে এখনও ভারতে আসতে পারেনি পাকিস্তান ফুটবল দল। ভারতের কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেও এখনও ভিসা পায়নি পাকিস্তান ফুটবল দল। তাই ভারতে আসতে পারছে না তারা। তবে ২১ জুন প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই তারা ভারতে চলে আসবে বলে খবর।

২১ জুন প্রতিযোগিতার প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে নামার কথা পাকিস্তানের। সন্ধ্যা সাড়ে ৭টায় কেরলের কান্তিরাভা স্টেডিয়ামে সেই ম্যাচ হবে। কেরল ফুটবল সংস্থা জানিয়েছে, মরিশাস থেকে সরাসরি ভারতে আসায় সে দেশের ভারতীয় দূতাবাসে ভিসার আবেদন করেছে পাকিস্তান ফুটবল দল। কেরল ফুটবল সংস্থা ভারতীয় দূতাবাস ও পাকিস্তান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ।

Advertisement

কেরল ফুটবল সংস্থা আরও জানিয়েছে, সপ্তাহান্তে দূতাবাস বন্ধ থাকে। তাই সোমবার সকালের আগে ভিসা পাবেন না পাকিস্তানের ফুটবলাররা। সোমবার রাতেই বেঙ্গালুরুতে আসার কথা দলের। খুব দেরি হলে মঙ্গলবার সকালে ভারতে আসবে পাকিস্তান ফুটবল দল। বুধবার সন্ধ্যায় খেলা হওয়ায় খুব একটা সমস্যা হবে না তাদের।

সাফ প্রতিযোগিতায় পাকিস্তান অংশ নেবে কি না তা নিয়ে শুরুতে একটু জটিলতা তৈরি হয়েছিল। তবে তার পরেই কেন্দ্র জানিয়ে দেয়, ভারতে খেলতে আসতে কোনও বাধা নেই পাকিস্তানের। কিন্তু সে দেশের ক্রীড়ামন্ত্রক ও ফুটবল সংস্থার মধ্যে যোগাযোগের অভাবের কারণে এই সমস্যা হয়েছে বলে খবর। পাকিস্তান ফুটবল সংস্থার অভিযোগ, ক্রীড়ামন্ত্রক অনুমতি দিতে দেরি করেছে। মন্ত্রকের পাল্টা অভিযোগ, সময়ের মধ্যে ফুটবল সংস্থা কাগজপত্র জমা দেয়নি বলে দেরি হয়েছে।

ভারতের বিরুদ্ধে ম্যাচের পরে ২৪ জুন কুয়েত ও ২৭ জুন নেপালের বিরুদ্ধে খেলার কথা পাকিস্তানের। তবে এই মুহূর্তে পাকিস্তানের ছন্দ ভাল নয়। মরিশাসে চতুর্দেশীয় প্রতিযোগিতায় নিজেদের সব ম্যাচ হেরে চার নম্বরে শেষ করেছে তারা। এই পরিস্থিতিতে সাফ কাপের শুরুটা ভাল করতে চাইছে পাকিস্তান।

Advertisement
আরও পড়ুন