Real Madrid

রিয়াল সংসারে অশান্তির আগুনের মধ্যে ট্রফি নিষ্পত্তির এল ক্লাসিকো আজ

সংঘাতে জড়িয়ে পড়া দুই ফুটবলার অরেলিয়ঁ চুয়ামেনি এবং ফেদেরিকো ভালভার্দের মোটা অর্থ জরিমানা হয়েছে। মাথায় আঘাত পাওয়া ভালভার্দেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে এবং তাঁকে প্রায় দু’সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৭:২৪
চর্চায়: বিতর্কের কেন্দ্রে চুয়ামেনি-ভালভার্দের সংঘাত।

চর্চায়: বিতর্কের কেন্দ্রে চুয়ামেনি-ভালভার্দের সংঘাত। —ফাইল চিত্র।

আর পাঁচটা এল ক্লাসিকোতে যেমন ফুটবলই শিরোনামে থাকে, এটা তেমন নয়। বরং অনেক বেশি করে চর্চায় উঠে এসেছে রিয়াল মাদ্রিদ সংসারে অশান্তি। যা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে, দুই ফুটবলারের সংঘাত, সংঘর্ষে এমনকি হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে ফেদেরিকো ভালভার্দেকে। ভিতরকার সেই খবর ফাঁস হয়ে গিয়ে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদ কর্তাদের বিবৃতি জারি করতে হয়েছে।

সংঘাতে জড়িয়ে পড়া দুই ফুটবলার অরেলিয়ঁ চুয়ামেনি এবং ফেদেরিকো ভালভার্দের মোটা অর্থ জরিমানা হয়েছে। মাথায় আঘাত পাওয়া ভালভার্দেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে এবং তাঁকে প্রায় দু’সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। যদিও ভালভার্দে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এই বলে যে, দুর্ঘটনাবশত টেবলে ধাক্কা খেয়ে তাঁর মাথায় লেগেছে। লম্বা বিবৃতিতে তিনি এমনও দাবি করেন যে, রিয়ালের মরসুমটা ভাল যাচ্ছে না বলে বাইরে থেকে আজেবাজে খবর ইচ্ছা করে রটানো হচ্ছে।

কিন্তু বিভিন্ন সূত্র মারফত স্পেনীয় সংবাদমাধ্যম এবং বিশ্বজুড়ে ভিতরকার খবর বেরিয়ে পড়েছে। খবরে প্রকাশ, প্রথমে অনুশীলনে দু’জনের মধ্যে ঝামেলা লাগে। তার পর ড্রেসিংরুমে ফিরে গিয়ে রীতিমতো হাতাহাতি শুরু হয়। তখনই সম্ভবত ধাক্কাধাক্কি, মারামারিতে মাথায় আঘাত লাগে ভালভার্দের। তিনি রবিবারের এল ক্লাসিকোতে খেলতে পারবেন না এই আঘাতের জন্য।

এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে রবিবার এল ক্লাসিকো। লা লিগায় বার্সেলোনার থেকে ১১ পয়েন্টে পিছিয়ে রয়েছে রিয়াল। রবিবার বার্সেলোনা জিতলে বা ড্র করলেই চলতি মরসুমে খেতাব নিশ্চিত করে ফেলবে। সে ক্ষেত্রে বার্সেলোনা পৌঁছবে ৮৯ পয়েন্টে, যা রিয়াল মাদ্রিদ আর ছুঁতে পারবে না। ভিনিশিয়াস জুনিয়ররা জিতলে কিন্তু অপেক্ষা বাড়বে রবার্ট লেয়নডস্কিদের। প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ফুটবল নিয়ে নয়, রিয়াল ম্যানেজারের দিকে বেশি প্রশ্ন ধেয়ে এল বিতর্ক নিয়ে। ড্রেসিংরুমের ভিতরকার খবর ফাঁস হয়ে যাওয়ায় ক্ষুব্ধ রিয়াল ম্যানেজার আলভারো আরবেলোয়া। তিনি এই ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ আখ‌্যা দিয়ে সাংবাদিক বৈঠকে বলেছেন, “ড্রেসিংরুমে যা ঘটে, সেই তথ‌্য বাইরে ফাঁস হওয়া আমার কাছে বিশ্বাসঘাতকতা। এ ভাবে ড্রেসিংরুমের ঘটনা বাইরে চলে আসায় আমি হতাশ।” তিনি যোগ করেন, “আমি দু’টি বিষয়ে বলতে চাই। প্রথমত ক্লাব যে ভাবে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে পরিস্থিতি সামলেছে, তাতে আমি খুশি। দ্বিতীয়ত, ফুটবলাররা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে, সেই ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছে এবং ক্ষমাও চেয়েছে। আমার কাছে সেটাই যথেষ্ট।”

যদিও এত বড় ঘটনা সামাল দেওয়া মোটেও সহজ হয়নি রিয়ালের পক্ষে। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ়, ম্যানেজার আলভারো আরবেলোয়া, কোচিং টিমের অন্যান্য সদস্য এবং অধিনায়ক দানি কার্বাহালকে নিয়ে জরুরি বৈঠক ডাকতে হয়েছিল। শুধু এই দু’জনের ঝামেলা চরম আকার নেওয়াই নয়, রিয়ালের অন্দরমহলে আরও মতবিরোধের তথ্য বাইরে আসতে শুরু করেছে। ডিফেন্ডার আলভারো কারেরাস কয়েক দিন আগে ইন্সটাগ্রামে লেখেন, তাঁর বিরুদ্ধে যে সব কথা রটানো হচ্ছে তা মোটেও ঠিক নয়। মনে করা হচ্ছে দলেরই সতীর্থ আন্তোনিয়ো রুডিগারের দিকে আঙুল তুলেছিলেন তিনি। রিয়ালের অভ্যন্তরে যে অশান্তির আগুন জ্বলছে, তা থেকে সরিয়ে রাখা যাচ্ছে না তাদের সব চেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপেকেও। রিয়ালে আসার পর থেকে ১০০ ম্যাচে ৮৫ গোল করেছেন এমবাপে। কিন্তু রিয়াল বেতিস ম্যাচের পরে ছুটিতে চলে যান তিনি। বলেছিলেন, হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে বলে বিশ্রাম এবং চিকিৎসার দরকার। পরে ছবিতে দেখা যায় রিয়াল যখন ম্যাচ খেলছে, তিনি সমুদ্রবিহার করছেন। তা নিয়ে ভক্তরা তুলোধনা করে ক্লাব এবং এমবাপেকে যে, এমন একটা সাধারণ মানের মরসুম যাচ্ছে অথচ তোমাদের কোনও তাপ-উত্তাপ নেই! সমাজমাধ্যমে ভক্তরা ‘এমবাপে হঠাও’ অভিযান শুরু করে দেয়। রবিবারের এল ক্লাসিকোতেও মহাতারকা স্ট্রাইকার খেলবেন কি না, নিশ্চিত নয়।

রিয়ালের তুলনায় বার্সেলোনা শিবির অনেক শান্ত। হয়তো গৃহযুদ্ধে আক্রান্ত প্রতিপক্ষকে খোঁচা দেওয়ার জন্যই তারা গোটা দলের একটি ছবি সমাজমাধ্যমে তুলে দিয়ে লিখেছে ‘ওয়ান ফ্যামিলি’। মরসুমের প্রথম ক্লাসিকোতে জিতেছিল বার্সা। এ বার ম্যানেজার হ্যান্সি ফ্লিক হুঙ্কার ছাড়ছেন, ‘‘আমরা দ্বিতীয় এল ক্লাসিকোও জিততে চাই। স্পেনে যা খুব একটা ঘটে না।’’ রিয়ালের ড্রেসিংরুমে অশান্তি নিয়ে জিজ্ঞেস করা হলে ফ্লিক বলেন, ‘‘এ রকম ঘটনা সারা বিশ্ব জুড়ে ঘটে। আমার মনে হয় না এটা শুধু রিয়ালেই ঘটল।’’ তিনি কি অবাক হয়েছিলেন? ‘‘হয়তো কিছুটা হয়েছিলাম। কিন্তু আমার কিছু এসে-যায় না কারণ ওটা আমার ক্লাব নয়,’’ বলে দেন বার্সা ম্যানেজার।

আরও পড়ুন