AFC Asian Cup Qualifier

স্টেডিয়াম জটে কোচিতে নাজেহাল ভারতীয় দল

ভারত বনাম হং কং ম্যাচকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই ‘গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটি’ (জিসিডিএ)-র সঙ্গে কেএফএ-র বিবাদ তুঙ্গে। জওহরলাল নেহরু স্টেডিয়াম জিসিডিএ-র অধীনে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৭:০৮

—প্রতীকী চিত্র।

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত বনাম হং কং ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগেও কোচিতে অব্যাহত টানাপড়েন। জওহরলাল নেহরু স্টেডিয়ামে এখনও অনুশীলন করতে পারল না ভারতীয় দল। কারণ, কেরল ফুটবল সংস্থা (কেএফএ) নিরাপত্তা আমানতের (সিকিউরিটি ডিপোজ়িট) ২৫ লক্ষ টাকা জমা দেয়নি।

ভারত বনাম হং কং ম্যাচকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই ‘গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটি’ (জিসিডিএ)-র সঙ্গে কেএফএ-র বিবাদ তুঙ্গে। জওহরলাল নেহরু স্টেডিয়াম জিসিডিএ-র অধীনে। কেএফএ-কে জানিয়ে দেয়, মাঠের ভাড়া সাড়ে তিন লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি ২৫ লক্ষ টাকা নিরাপত্তা আমানত জমা রাখতে হবে। কিন্তু কেরল ফুটবলের নিয়ামক সংস্থা এত টাকা দিতে আপত্তি জানিয়েছিল। এর ফলে গত বৃহস্পতিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতীয় দলকে ঢুকতেই দেয়নি জিসিডিএ। বাতিল হয়ে যায় খালিদ জামিল, আশিক কুরুনিয়ন, সাহাল আব্দুল সামাদ ও বিজয় ভার্গিসের সাংবাদিক বৈঠকও। রাতে ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। ২৯ মার্চ থেকে ম্যাচ আয়োজনের দায়িত্ব নেওয়া হবে।

জিসিডিএ কর্তৃপক্ষের সঙ্গে গত শুক্রবার থেকেই দফায় দফায় আলোচনা করেন কেরল ফুটবলের নিয়ামক সংস্থার কর্তারা। ম্যাচ আয়োজনের জন্য সাড়ে তিন লক্ষ টাকা তাঁরা জমাও দিয়ে দিয়েছেন। কিন্তু নিরাপত্তা আমানতের ২৫ লক্ষ টাকা এখন দেননি। তাঁদের দাবি, ফেডারেশনের কাছ থেকে টাকা পাননি। তাই নিরাপত্তা আমানত জমা দেওয়া হয়নি। জিসিডিএ কোনও কথাই শুনতে রাজি নয়। পরিষ্কার জানিয়ে দিয়েছে, নিরাপত্তা আমানত জমা না দিলে স্টেডিয়াম ব্যবহার করতে দেওয়া হবে না। ফলে রবিবারও ভারতীয় দলকে অনুশীলন করতে হয়েছে কোচির ত্রিপুনিতুরায় কেরল ব্লাস্টার্সের মাঠে।

রবিবার বিকেলে কোচিতে খোঁজ নিয়ে জানা গিয়েছে, জিসিডিএ-র তরফে ফেডারেশনকে ৩০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, সোমবারের মধ্যে ২৫ লক্ষ টাকা জমা না দিলে এই ম্যাচের জন্য যে চুক্তি হয়েছিল, তা বাতিল করা হবে। রাতের দিকের খবর, কেএফএ কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছেন সোমবার নিরাপত্তা আমানতের ২৫ লক্ষ টাকা জমা দেওয়ার। তাই সকাল ন’টায় রহিম আলিদের অনুশীলন রাখা হয়েছে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এ দিকে ফিফা ও এএফসি-র ছাড়পত্র না পাওয়ায় ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল অবনীত ভারতীকে।

আরও পড়ুন