PV Sindhu Trapped in Dubai

‘প্রতি ঘণ্টায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে’, হামলার জেরে দুবাই বিমানবন্দরে আটকে সিন্ধু, আতঙ্কিত ব্যাডমিন্টন তারকা

সমাজমাধ্যমে ভারতের ব্যাডমিন্টন তারকা লিখেছেন, পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। কী ভাবে বিস্ফোরণের ঘটনা দেখেছেন, তা-ও লিখেছেন সিন্ধু।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১০:২০
পিভি সিন্ধু। ছবি: পিটিআই।

পিভি সিন্ধু। ছবি: পিটিআই।

ইরানে আমেরিকা ও ইজ়রায়েলের হামলার ঘটনায় দুবাই বিমানবন্দরে আটকে থাকার ভয়াবহ ঘটনার কথা জানালেন পিভি সিন্ধু। অল ইংল্যান্ড ওপেন ব্যা়ডমিন্টন প্রতিযোগিতায় খেলতে যাওয়ার জন্য তিনি দুবাই বিমানবন্দরে নেমেছিলেন। সেখানেই আটকে পড়েন।

Advertisement

সমাজমাধ্যমে ভারতের ব্যাডমিন্টন তারকা লিখেছেন, পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। কী ভাবে বিস্ফোরণের ঘটনা দেখেছেন, তা-ও লিখেছেন সিন্ধু। তাঁকে এবং তাঁর কোচকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ভারতীয় দূতাবাসকে।

সিন্ধু লিখেছেন, ‘‘দুর্ভোগ এখনও কাটেনি এবং পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেই এলাকা থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছিল কারণ তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের মুহূর্ত।’’

আতঙ্ক না কাটলেও তাঁরা যে এখন নিরাপদ জায়গায় রয়েছেন, সে কথা জানিয়ে সিন্ধু লিখেছেন, ‘‘দুবাই বিমানবন্দরের কর্মী এবং দুবাই কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমে আমরা এখন সবাই নিরাপদ এবং আমাদের আরও সুরক্ষিত একটা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের নিরাপদে রাখতে দুবাইয়ের ভারতীয় হাই কমিশন যে নিরন্তর সাহায্য করে গিয়েছে, তার জন্য তাদেরও ধন্যবাদ। আপাতত আমরা কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় রয়েছি।’’

ইরানে হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আকাশসীমা। ফলে ইংল্যান্ডগামী বিমান ধরতে পারছেন না সিন্ধু। কবে বিমান ছাড়বে তা-ও জানা যাচ্ছে না।

মঙ্গলবার থেকে শুরু অল ইংল্যান্ড ওপেন। তার আগে ভারত থেকে দুবাই হয়ে ইংল্যান্ডের বার্মিংহ্যামে যাওয়ার কথা ছিল সিন্ধুর। শনিবার দুবাই পৌঁছনোর পরেই সে দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। সব বিমানও বাতিল করে দেওয়া হয়েছে। পর্যটকদের অনুরোধ করা হয়েছে দুবাইগামী বিমান এড়িয়ে চলতে। কিন্তু সিন্ধুর সূচি আগে থেকেই ঠিক থাকায় তা বদলানো সম্ভব হয়নি।

ভারতের বাস্কেটবল দলও সমস্যায় পড়েছে। তারা দোহায় আটকে গিয়েছে। বাস্কেটবল বিশ্বকাপের এশীয় যোগ্যতা অর্জন পর্ব খেলতে তারা দোহায় গিয়েছিল। সেখান থেকে ভারতে ফিরতে পারছে না দল। ভারতীয় বাস্কেটবল সংস্থা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমও সমস্যায় পড়েছেন। দু’দিন আগে মক্কায় হজ করতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে সমস্যায় পড়েছেন। দুবাই হয়ে ফেরার কথা ছিল। এখন দেশে ফেরার কোনও বিমান নেই। ফলে জেড্ডায় আটকে পড়েছেন তিনি। নিজেই সমাজমাধ্যমে সে কথা জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন