IPL 2022

IPL 2022: কোহলীদের কাছে হেরে কার উপরে দায় চাপালেন রাহুল

বিরাট কোহলী, গ্লেন ম্যাক্সওয়েলরা রান না পেলেও ফ্যাফ ডুপ্লেসির দাপটে বড় রান করে বেঙ্গালুরু। ১৮ রানে ম্যাচ হারতে হয় লখনউ সুপার জায়ান্টসকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ০৯:৫২
বোলারদের উপর হারের দায় চাপালেন রাহুল

বোলারদের উপর হারের দায় চাপালেন রাহুল ছবি: আইপিএল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শুরুটা ভাল করেও ১৮ রানে ম্যাচ হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। বিরাট কোহলী, গ্লেন ম্যাক্সওয়েলরা রান না পেলেও অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির দাপটে বড় রান করে বেঙ্গালুরু। শেষ দিকে বোলাররা বেশি রান দেওয়ার ফলেই ম্যাচ হারতে হয়েছে বলে জানিয়েছেন লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল
রাহুলের মতে, বোলারদের আরও একটু ভাল বল করা উচিত ছিল। তিনি বলেন, ‘‘প্রথম ওভারেই দু’উইকেট তুলে শুরুটা ভাল করেছিলাম। তার পরেও পাওয়ার প্লে-তে ৫০ রান হয়। শেষ দিকেও রান ওঠে। বোলারদের আরও একটু ভাল করা উচিত ছিল। এই পিচে প্রায় ২০ রান বেশি দিয়েছি আমরা।’’

Advertisement

ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের পিচে ব্যাট করা খুব সহজ ছিল না বলেই জানিয়েছেন রাহুল। তিনি বলেন, ‘‘উইকেটে বল একটু থেমে আসছিল। ফলে শুরু থেকেই বড় শট খেলতে সমস্যা হচ্ছিল। আমাদের জুটি বাঁধার প্রয়োজন ছিল। সেটা হয়নি। উইকেট পড়তে থাকায় শেষ দিকে রান তোলা কঠিন হয়ে পড়ে।’’

বেঙ্গালুরুর কাছে হারের পরে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে লখনউ। ফলে এখনই খুব একটা চিন্তিত নন রাহুল। তিনি বলেন, ‘‘প্রথম তিন ব্যাটারের মধ্যে এক জনকে বড় ইনিংস খেলতে হবে। বাকিরা তার সঙ্গে জুটি বাঁধবে। তবেই বড় রান করতে পারব। আশা করি আগামী ম্যাচগুলিতে আমরা সেটা করতে পারব। এখনও অনেক ম্যাচ বাকি আছে। তাই এখনই ভয় পাওয়ার কিছু নেই।’’

Advertisement
আরও পড়ুন