Wimbledon 2026

পাঁচ সেট লড়ে জয় সিনারের, দ্বিতীয় রাউন্ডে সাবালেঙ্কা, এগোলেন ওসাকা, মেদভেদেভ, উইম্বলডনের প্রথম রাউন্ডেই বিদায় রুডের

ইয়ানিক সিনার লড়াই করে জিতলেও সরাসরি সেটে হেরে গেলেন ক্যাসপার রুড। তাঁকে হারালেন পোল্যান্ডের অবাছাই খেলোয়াড় হুবার্ট হুরকাজ়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২৩:৪৮
Picture of Tennis

ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স।

উইম্বলডনের প্রথম রাউন্ডেই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হল ইয়ানিক সিনারকে। পুরুষদের শীর্ষ বাছাইকে লড়াই করতে হল পাঁচ সেট। ছিটকে গেলেন ক্যাসপার রুড। তবে সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ডানিল মেদভেদেভ, স্টেফানো চিচিপাস। মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করেছেন শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা, নাওমি ওসাকা।

Advertisement

সার্বিয়ার অবাছাই খেলোয়াড় মিয়োমির কেচমানোভিচকে হারাতে পাঁচ সেট লড়াই করতে হল সিনারকে। এটিপি ক্রমতালিকায় ৪৭ নম্বরে থাকা ২৬ বছরের কেচমানোভিচ প্রথম সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে সমতা ফেরান সিনার। তৃতীয় সেটে আবার হতাশ হতে হয় বিশ্বের এক নম্বরকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে যান সিনার। তাঁর পক্ষে ফল ৬-৭ (৬-৮)। ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা সিনার শেষ দু’টি সেটে নিজেকে উজাড় করে দেন। চেনা টেনিস খেলে জিতে নেন ৬-২, ৬-৩ ব্যবধানে। শেষ পর্যন্ত সিনারের পক্ষে ম্যাচের ফল দাঁড়ায় ৪-৬, ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-২, ৬-৩।

সিনার লড়াই করে জিতলেও সরাসরি সেটে হেরে গেলেন ১১ নম্বর বাছাই রুড। তাঁকে ৬-৪, ৬-২, ৭-৬ (৯-৭) ব্যবধানে হারালেন পোল্যান্ডের অবাছাই খেলোয়াড় হুবার্ট হুরকাজ়। সহজে দ্বিতীয় রাউন্ডে উঠলেন মেদভেদেভ। মারিন সিলিচকে ৬-১, ৬-২, ৬-৪ ব্যবধানে হারালেন তিনি। চিচিপাস ৬-১, ৬-৪, ৬-২ ব্যবধানে জিতলেন ফ্রান্সের অবাছাই খেলোয়াড় হুগো গাস্তঁর বিরুদ্ধে।

মহিলাদের সিঙ্গলসে সহজে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সাবালেঙ্কা। ৬-২, ৬-৩ ব্যবধানে তিনি হারিয়েছেন সার্বিয়ার টেওডোরা কস্তোভিচকে। ওসাকা ৬-১, ৭-৫ ব্যবধানে হারিয়েছেন ফ্রান্সের অবাছাই খেলোয়াড় এলসা জ্যাকুমটকে।

Advertisement
আরও পড়ুন