Shakeel Ammad Butt

পাক হকি দলকে অস্ট্রেলিয়ার হোটেলে রান্নাঘর পরিষ্কার করতে হল, ফেডারেশন বিল না মেটানোয় মাজতে হল বাসনও!

অস্ট্রেলিয়া সফরের অব্যবস্থা নিয়ে মুখ খুললে শাস্তি পেতে হবে। পাকিস্তান হকি ফেডারেশনের কর্তাদের হুঁশিয়ারি উড়িয়ে মুখ খুলেছেন অধিনায়ক শাকিল আম্মাদ বাট। একের পর এক ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৩
picture of Hockey

লাহৌর বিমানবন্দরে পাকিস্তানের হকি দল। ছবি: এক্স।

অস্ট্রেলিয়ায় গিয়ে সমস্যায় পাকিস্তানের হকি দল। হকি কর্তারা হোটেলের বিল দিতে না পারায় খেলোয়াড়দের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হয়েছিল কয়েক দিন আগে। তা নিয়ে বিতর্কের মধ্যেই প্রকাশ্যে এল আরও বড় লজ্জার ঘটনা। টাকা দিতে না পারায় হোটেলে বাসনও মাজতে হয়েছে হকি খেলোয়াড়দের। অভিযোগ করেছেন পাকিস্তানের হকি অধিনায়ক শাকিল আম্মাদ বাট। তাঁর অভিযোগ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।

Advertisement

পাকিস্তান হকি ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পাক অধিনায়ক। এফআইএইচ প্রো লিগ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে পাকিস্তান হকি দল। সেখানে গিয়ে বিপাকে পড়েন খেলোয়াড়েরা। ফেডারেশন কর্তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন বাট। দুরবস্থা নিয়ে লাহৌর বিমানবন্দরে তিনি বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া সফরের কথা বলতে হলে প্রথমে বিমান এবং হোটেলের কথা বলতে হবে। সিডনিতে নামার পর ১২ থেকে ১৫ ঘণ্টা আমাদের রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। অসহায় লাগছিল। আমাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়নি। খাবারও পাইনি সময়মতো। আমাদের হোটেলের ঘর পরিষ্কার করতে হয়েছে। খেলতে যাওয়ার আগে আমাদের বাসনও মেজে দিতে হয়েছে। তার পর আমরা সিডনি থেকে হোবার্ট যাই।’’

পাক হকি কর্তাদের উপর ক্ষুব্ধ বাট আরও বলেছেন, ‘‘অনেক হয়েছে। ফেডারেশনের এখনকার কর্তাদের সঙ্গে আমাদের কাজ করা অসম্ভব। ম্যাচ খেলতে যাওয়ার আগে খেলোয়াড়দের রান্নাঘর, বাসন পরিষ্কার করতে হবে! তার পরও আমাদের থেকে ভাল পারফরম্যান্স আশা করা হবে?’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের এয়ারবিএনবি বুকিংও ঠিক ছিল না। থাকার কথা ছিল ১৩ দিন। অথচ বুক করা হয়েছিল ১০ দিনের জন্য। ১০ দিন পর আমাদের একটা সস্তার হোটেলে গিয়ে উঠতে হয়।’’ এ ছাড়া ক্যানবেরা যাওয়ার আগে সিডনি বিমানবন্দরেও তাঁদের ১৩-১৪ ঘণ্টা বসে থাকতে হয়েছিল বলে অভিযোগ করেছেন বাট।

অব্যবস্থা নিয়ে মুখ খুললে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বলেও অভিযোগ বাটের। তিনি বলেছেন, ‘‘ফেডারেশন কর্তারা আমাদের আগে থেকে শাসিয়ে রেখেছেন। অব্যবস্থা নিয়ে কেউ মুখ খুললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে। কিন্তু অস্ট্রেলিয়া সফরের অব্যবস্থা নিয়ে মুখ না খুলে পারলাম না। উন্নতি করতে আমাদের বিদেশি কোচ দরকার। আমাদের দল খারাপ নয়। দলের ভারসাম্যও ভাল। আমাদের শুধু দরকার ভাল বিদেশি কোচ এবং ভাল কর্তা।’’

বাটের আরও দাবি, সিডনির রাস্তায় ঘোরা নিয়ে বিতর্ক তৈরি হতেই তাঁকে দিয়ে জোর করে একটি ভিডিয়ো তৈরি করানো হয়। সেই ভিডিয়োয় মিথ্যা কথা বলতে বাধ্য করেন ফেডারেশনের কর্তারা। তাঁকে বলতে বলা হয়, অস্ট্রেলিয়া সফরের সব ব্যবস্থা দারুণ ছিল। প্রতিযোগিতার মাঝে বিতর্ক বাড়াতে চাননি বলে সেই ভিডিয়ো করেছিলেন। দেশে ফেরার পর তাই আসল পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন।

হকি অধিনায়কের অভিযোগ নিয়ে পাকিস্তানের ক্রীড়ামহলে হইচই শুরু হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শরিফ। হকি দলের অধিনায়কের অভিযোগ শুনে বিস্মিত পাকিস্তান স্পোর্টস বোর্ডের (পিএসবি) কর্তারা। পিএসবির ডিরেক্টর জেনারেল নুর সাবাহ বলেছেন, ‘‘যে ধরনের অভিযোগ উঠছে, তা মারাত্মক। আমরা বিস্তারিত রিপোর্ট তৈরি করছি। প্রধানমন্ত্রীকে রিপোর্ট পাঠানো হবে।’’ উল্লেখ্য পাক প্রধানমন্ত্রী ফেডারেশনের প্যাট্রন ইন চিফ। পিএসবির এক কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, অস্ট্রেলিয়ায় জাতীয় দলের থাকার ব্যবস্থা করার জন্য ১ কোটির বেশি টাকা (প্রায় ৩২ লাখ ৪২ হাজার ভারতীয় টাকা) দেওয়া হয়েছিল।

Advertisement
আরও পড়ুন