Rafael Nadal

Rafael Nadal: বাবা হচ্ছেন নাদাল, টেনিস কোর্টের সাফল্য কোর্টের বাইরেও

চলতি বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য ঝাঁপানোর আগে ভক্তদের আরও একটি সুখবর দিলেন রাফায়েল নাদাল। বাবা হতে চলেছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৩:২৮
উইম্বলডনে নামার আগে সুখবর দিলেন নাদাল

উইম্বলডনে নামার আগে সুখবর দিলেন নাদাল ফাইল চিত্র

শুক্রবার ভক্তদের একটি সুখবর দিয়েছিলেন রাফায়েল নাদাল। জানিয়েছিলেন, উইম্বলডনে নামতে তৈরি তিনি। চলতি বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য ঝাঁপানোর আগে ভক্তদের আরও একটি সুখবর দিলেন নাদাল। বাবা হতে চলেছেন তিনি। স্ত্রী মেরি পেরেল্লো প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন।

১৭ বছরের প্রেম নাদাল ও মেরির। বিয়ে করেছেন তিন বছর আগে। স্পেনের মায়োরকায় একটি সাংবাদিক বৈঠকে বাবা হওয়ার কথা জানান নাদাল। তিনি বলেন, ‘‘বাবা হতে চলেছি। আমি সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করি না। খুব সাধারণ জীবন কাটাই। তবে এটা বিশেষ মুহূর্ত। তাই সবাইকে জানালাম।’’

Advertisement

চলতি মাসে ফরাসি ওপেনে নাদালের ম্যাচ চলাকালীন দর্শকাসনে দেখা গিয়েছিল মেরিকে। কয়েক দিন আগে মায়োরকায় একটি ক্রুজে নাদালের সঙ্গে মেরিকে সময় কাটাতে দেখা যায়। বিকিনি পরা মেরিকে দেখে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়। সেই সময় মেরি বা নাদাল কিছু বলেননি। সেই জল্পনা যে সত্যি ছিল তা এ বার স্বীকার করে নিলেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

স্ত্রীর সঙ্গে নাদাল

স্ত্রীর সঙ্গে নাদাল ছবি: টুইটার

নাদালের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে বাইরে খুব একটা মুখ খোলেন না মেরি। একটি বিমা সংস্থায় চাকরি করতেন তিনি। ১০ বছর আগে সেই চাকরি ছেড়ে রাফায়েল নাদাল ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টরের দায়িত্ব নেন তিনি। নিজের কাজ ও পরিবার নিয়ে থাকতে ভালবাসেন মেরি।

২০১৮ সালে মেরিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নাদাল। ২০১৯ সালে তাঁদের বাগদান হয়েছিল। নাদাল ও মেরির বিয়েও হয়েছিল কাছের মানুষদের উপস্থিতিতে। প্রায় আট মাস পরে নাদালের বিয়ের কথা সবাই জানতে পারেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন