Australian Open 2024

পর পর দু’বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন সাবালেঙ্কা

ফাইনালে কিনওয়েন ঝেংকে স্ট্রেট সেটে হারিয়ে জিতলেন তিনি। গত বছর ইউএস ওপেনের ফাইনালে উঠলেও জিততে পারেননি। কিন্তু নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন সাবালেঙ্কা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১৫:৩৮
Aryna Sabalenka

এরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স।

পর পর দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন এরিনা সাবালেঙ্কা। ফাইনালে কিনওয়েন ঝেংকে স্ট্রেট সেটে হারিয়ে জিতলেন তিনি। গত বছর ইউএস ওপেনের ফাইনালে উঠলেও জিততে পারেননি। কিন্তু নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন সাবালেঙ্কা।

Advertisement

মেয়েদের টেনিসে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে সাবালেঙ্কা। বেলারুশের এই টেনিস তারকা এখনও পর্যন্ত তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেছেন। তার মধ্যে দু’বার জিতলেন তিনি। শনিবার ঝেংকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে দেন সাবালেঙ্কা। এক সময় ক্রমতালিকায় শীর্ষ স্থানে ছিলেন তিনি। কিন্তু ২৫ বছরের টেনিস তারকা এখন দু’নম্বরে। শনিবার ফাইনালে ঝেংকে দাঁড়াতে দেননি সাবালেঙ্কা।

ভিক্টোরিয়া আজারেঙ্কার পর সাবালেঙ্কা দ্বিতীয় টেনিস খেলোয়াড় যিনি অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসে পর পর দু’বার ট্রফি জিতলেন। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে একটি সেটও হারেননি সাবালেঙ্কা। সেমিফাইনালে তিনি হারিয়েছিলেন কোকো গফকে। আমেরিকার এই টেনিস তারকাকে আগামী দিনের তারকা মনে করা হচ্ছে। ১৯ বছরের সেই গফ স্ট্রেট সেটে হেরে যান সাবালেঙ্কার বিরুদ্ধে।

২০০৭ সালে সেরেনা উইলিয়ামস একটি সার্ভ না হেরে ফাইনাল জিতেছিলেন। সাবালেঙ্কাও শনিবার সেটাই করে দেখালেন। তাঁর শক্তিশালী টেনিসের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না চিনের টেনিস খেলোয়াড়।

সাবালেঙ্কার বাবা ছিলেন আইস হকি খেলোয়াড়। হঠাৎ করেই টেনিস খেলা শুরু করেছিলেন সাবালেঙ্কা। তিনি বলেন, “বাবা আমাকে গাড়ি করে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। রাস্তায় টেনিস কোর্ট দেখে বাবাকে গাড়ি দাঁড় করাতে বলি। ভাল লাগে খেলা দেখে। এর পরেই টেনিস খেলার ইচ্ছা হয়। বাবা ভর্তি করে দিয়েছিল। সেখান থেকেই শুরু।” আর এখন দু’বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সাবালেঙ্কা।

Advertisement
আরও পড়ুন