Simone Biles on 2028 Olympics

নিজের দেশে অলিম্পিক্সে দেখা যাবে বাইলসকে? জবাবে কী বললেন ১১ অলিম্পিক্স পদকজয়ী জিমন্যাস্ট

নিজের দেশে অলিম্পিক্সে খেলবেন সিমোন বাইলস? আরও এক বার কি দেখা যাবে অলিম্পিক্সে ১১টি পদকের মালকিনকে? এই প্রশ্নের জবাবে ধোঁয়াশা জিইয়ে রাখলেন বাইলস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২২:১৮
sports

সিমোন বাইলস। —ফাইল চিত্র।

বিশ্বের অন্যতম সেরা জিমন্যাস্ট বলা হয় তাঁকে। অলিম্পিক্সে ১১টি পদক জিতেছেন আমেরিকার সিমোন বাইলস। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে হবে অলিম্পিক্স। অর্থাৎ, বাইলসের নিজের দেশেই খেলা। সেই অলিম্পিক্সেও কি খেলবেন বাইলস? এই প্রশ্নের জবাবে ধোঁয়াশা জিইয়ে রাখলেন বাইলস।

Advertisement

২৮ বছরের বাইলস জানিয়েছেন, আপাতত পরের অলিম্পিক্স নিয়ে ভাবছেন না তিনি। বাইলস বলেন, “এখন অবসর সময় কাটাচ্ছি। বেশ উপভোগ করছি। এখনই কিছু ভাবছি না। কারণ, ফেরার জন্য জিমে গিয়ে শরীরচর্চা করতে হবে। তাই পরের অলিম্পিক্সে খেলব কি না তা নিয়ে এখনই সিদ্ধান্ত নেব না। পরে ভাবব।”

বাইলসের মতে, চাইলেই অলিম্পিক্সের মতো প্রতিযোগিতায় নামা যায় না। বিশেষ করে যদি সেই খেলার নাম জিমন্যাস্টিক্স হয়। তার জন্য চার বছর পরিশ্রম করতে হয়। সেই কারণেই হয়তো প্রতিটি অলিম্পিক্সের মধ্যে চার বছরের তফাত থাকে। তিনি বলেন, “অনেকেই ভাবে, এক বছর পরিশ্রম করলেই হয়তো অলিম্পিক্সে নামা যায়। বিষয়টা তা নয়। চার বছর ধরে প্রস্তুতি নিতে হয়। সেই কারণেই আমি আবার অলিম্পিক্সে নামব কি না, তা এখনও ঠিক করতে পারিনি।”

২০১৬ সালে রিয়ো অলিম্পিক্সে চমক দিয়েছিলেন বাইলস। সেই প্রতিযোগিতায় চারটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। পরের বার টোকিয়োতেও তাঁর দিকে সকলের নজর ছিল। কিন্তু দলগত প্রতিযোগিতার ফাইনালের মাঝে মানসিক সমস্যা হয় বাইলসের। প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান তিনি। আর খেলেননি। সে বারও একটু রুপো জিতেছিলেন তিনি। সকলে ভেবেছিলেন, আর হয়তো দেখা যাবে না বাইলসকে। কিন্তু ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে ফেরেন বাইলস। বয়স্কতম জিমন্যাস্ট হিসাবে জেতেন তিনটি সোনা ও একটি রুপো।

এখন বাইলসের বয়স ২৮। লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক্স হওয়ার সময় তাঁর বয়স হবে ৩১। সেই বয়সে ভল্ট, বার বা ফ্লোর এক্সারসাইজ় সহজ নয়। সেই বিষয়টিও হয়তো মাথায় রয়েছে বাইলসের। পাশাপাশি আমেরিকার হয়ে অলিম্পিক্সে নামতে হলে দেশেই প্রতিযোগিতা জিতে যোগ্যতা অর্জন করতে হয়। সেই কথাও নিশ্চয় মাথায় রয়েছে বাইলসের। সেই কারণেই হয়তো এখনই কিছু বলছেন না তিনি।

Advertisement
আরও পড়ুন