Smartphone Theft in IPL

আইপিএল দেখার সময় সাবধান, ম্যাচ চলাকালীন ছোটদের ‘হাতসাফাই’য়ে গায়েব হচ্ছে স্মার্টফোন, চিন্তায় পুলিশ

আইপিএলের ম্যাচ চলাকালীন দেশের একাধিক স্টেডিয়ামে চুরি হচ্ছে দেদার স্মার্টফোন। নেপথ্যে সক্রিয় থাকা দুষ্কৃতীদের গ্যাং নাবালক-নাবালিকাদের কাজে লাগাচ্ছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৭:০৪
Representative Picture

—প্রতীকী চিত্র।

কুড়ি-বিশের ক্রিকেটে মজে ভারত। দেশ জুড়ে চলছে আইপিএল-জ্বর। কিন্তু স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সময় সাবধান। যখন-তখন চুরি হতে পারে হাতের স্মার্টফোন। শুধু তা-ই নয়, এ-হেন হাতসাফাইয়ের কাজে কিশোর-কিশোরীদের ময়দানে নামিয়েছে দুষ্কৃতীদের কুখ্যাত গ্যাং, যা নিয়ে যথেষ্ট উদ্বেগে পুলিশ-প্রশাসন।

Advertisement

কিছু দিন আগেই বেঙ্গালুরুতে ঘরের মাঠে ম্যাচ খেলতে নামে বিরাট কোহলির আরসিবি। ফলে খেলা ঘিরে উত্তেজনার পারদ ছিল সপ্তমে। ম্যাচ শেষের পর জানা যায় স্টেডিয়ামে এসে অন্তত ৫০ থেকে ৬০খানা স্মার্টফোন খুইয়েছেন দর্শকের একাংশ। এর পরই তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে পায় কর্নাটক পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, দর্শকের স্মার্টফোন চুরিতে ১২-১৩ বছরের ছেলেমেয়েদের কাজে লাগাচ্ছে দুষ্কৃতীদল। বিনামূল্যের টিকিট দিয়ে তাদের স্টেডিয়ামে ঢোকাচ্ছে গ্যাংয়ের মাথারা। এর পর খেলার উত্তেজনার মধ্যেই পাশের আসনে বসে থাকা দর্শকের স্মার্টফোন হাতিয়ে নিয়ে বেমালুম গায়েব হয়ে যাচ্ছে তারা। ভিড়ের মধ্যে তাদের চিহ্নিত করা বেশ কঠিন।

পুলিশের অনুমান, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে কোনও সংগঠিত দুষ্কৃতীদল। বর্তমানে তাদের চাঁইদের খুঁজে বার করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই তারা গ্রেফতার হয় কি না, সেটাই এখন দেখার।

Advertisement
আরও পড়ুন