টলিউডে ছবি তৈরি করতে গিয়ে বিচিত্র নিয়মের বেড়াজালে আটকা পড়ছেন নির্মাতারা, বেশ কিছুদিন ধরে এমন অভিযোগ উঠছে। এর জেরে পদে পদে সৃজনশীলতা খর্ব হচ্ছে বলে ও অনেকের অভিমত। এরই মধ্যে অবশ্য বিকল্প দিশা দেখাচ্ছেন কিছু পরিচালক। সম্প্রতি ‘নধরের ভেলা’ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছচ্ছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। স্টেশন থেকে বাস স্ট্যান্ড,কলাকুশলীদের পাশে নিয়ে বিলোচ্ছেন টিকিটও। প্রথাভাঙা প্রচারে আকৃষ্ট হয়ে হলভর্তি করছেন বাংলা ছবির দর্শক। রঞ্জন ঘোষের ছবি ‘অদম্য’ও চেনা ছকের বাইরে হেঁটেছেন। দর্শকের প্রশংসা কুড়োনোর পাশাপাশি এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমখু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে আবীর চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা। এই প্রথম ছবির নিবেদনে অপর্ণা সেন। সম্প্রতি ছবির বিশেষ স্ক্রিনিংয়ে তিনিও দর্শকের সঙ্গে বসে এই ছবি দেখলেন।