viral video

ফোনে চার্জ ফুরোলেও কুছ পরোয়া নেই, সরাসরি ট্রান্সফর্মার থেকেই চলছে মোবাইল চার্জ! বিহারের ভিডিয়ো প্রকাশ্যে

একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার পাশে থাকা একটি পাওয়ার ট্রান্সফর্মারের কাছে বেশ কয়েক জন দাঁড়িয়ে আছেন। একাধিক ফোন চার্জ দেওয়ার কাজ চলছে সেখানে। ট্রান্সফর্মার থেকে বেরিয়ে থাকা তারের সঙ্গে একাধিক তার সংযুক্ত করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১০:৩৭

ছবি: সংগৃহীত।

সাধারণ কোনও চার্জিং পয়েন্ট নয়। সরাসরি হাই ভোল্টেজ ট্রান্সফর্মার থেকে মোবাইল চার্জ দিয়ে দেখিয়ে দিলেন বিহারের এক দল তরুণ। বাড়ির বিদ্যুৎ ব্যবহার না করে ট্রান্সফর্মার থেকে সরাসরি মোবাইল চার্জ করার বিকল্প খুঁজে নিয়েছেন বিহারের একটি গ্রামের বাসিন্দারা। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গিয়েছে স্থানীয়েরা তাঁদের ফোন চার্জ করার জন্য সরাসরি একটি হাই ভোল্টেজ ট্রান্সফর্মার থেকে সংযোগ নিচ্ছেন। ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘ভাইরালঅরবিট’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার পাশে থাকা একটি পাওয়ার ট্রান্সফর্মারের কাছে বেশ কয়েক জন দাঁড়িয়ে আছেন। একাধিক ফোন চার্জ দেওয়ার কাজ চলছে সেখানে। ট্রান্সফর্মার থেকে বেরিয়ে থাকা তারের সঙ্গে একাধিক তার সংযুক্ত করা হয়েছে। ভিডিয়োয় থাকা লোকজনের আচরণ দেখে মনে হচ্ছে, এই ধরনের বিপজ্জনক ব্যবস্থাটি তাঁদের জন্য সম্পূর্ণ স্বাভাবিক একটি ব্যাপার। ভিডিয়োটি মূলত সতর্কতামূলক প্রচারের জন্য পোস্ট করা হয়েছিল। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “বিহারের একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্থানীয়েরা তাঁদের ফোন চার্জ করার জন্য সরাসরি একটি উচ্চ-ভোল্টেজ ট্রান্সফর্মারে সংযোগ করেছেন। ইন্টারনেট যদিও এই ধরনের ‘বিকল্প’ পছন্দ করে। কিন্তু এটি জীবনের জন্য ঝুঁকি ডেকে আনতে পারে যে কোনও সময়।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ এই কাণ্ড দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। অধিকাংশ নেটাগরিকের মতে, ট্রান্সফর্মার ও বিদ্যুতের লাইনে হস্তক্ষেপ করা কেবল বেআইনিই নয়, গ্রিড বিকল হওয়ার কারণও বটে। কোনও দুর্ঘটনা ঘটলে আশপাশের বাসিন্দারাই এর ফল ভোগ করবেন সবচেয়ে বেশি। প্রচুর নেটাগরিক রসিকতা করে নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “মানুষ ও রোবটের বুদ্ধিমত্তারও ঊর্ধ্বে রয়েছে বিহার।” দ্বিতীয় জন লিখেছেন, “বিহার আনকোরাদের জন্য নয়, আবার প্রমাণিত হল।’’

Advertisement
আরও পড়ুন