Bihar

বিয়ের মঞ্চে কনেকে গুলি, বরের কোলেই লুটিয়ে পড়লেন তরুণী! বিহারের ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

গুলিবিদ্ধ কনের নাম আরতি কুমার। মঙ্গলবার রাতে বিহারের বক্সারে বিয়ের অনুষ্ঠান চলছিল। হবু স্বামীর সঙ্গে মঞ্চে ছিলেন তরুণী। সেখানেই গুলি লাগে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৬

ছবি: সংগৃহীত।

বিয়ের অনুষ্ঠান চলাকালীনই পাত্রীর পেটে গুলি করলেন প্রেমিক। মর্মান্তিক এই ঘটনাটি মঙ্গলবার রাতে বিহারের বক্সারে ঘটেছে। বধূবেশে সজ্জিত ১৮ বছরের তরুণীকে বিয়ের মঞ্চে গুলি করে পালিয়ে যান প্রতিবেশী তরুণ। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। মুহূর্তেই বহু মানুষের নজরে এসেছে ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে গুলিবিদ্ধ কনের নাম আরতি কুমার। মঙ্গলবার রাতে তাঁদের বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ের আচার পালন করার জন্য দম্পতিকে ঘিরে রেখেছিলেন বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যেরা। মঞ্চের উপরে দম্পতিকে বরণ করার জন্য দাঁড়িয়েছিলেন আরতির বোন। তিনি প্রথমে বরের কপালে তিলক পরিয়ে দিচ্ছিলেন। পরে তিনি আরতিকেও তিলক পরাতে যেতেই ঘটে যায় সেই ঘটনাটি। মঞ্চের নীচের জমায়েত থেকে গুলি ছুটে আসে। দীনবন্ধু নামের তরুণ গুলি ছুড়ে চম্পট দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক মুখোশধারী ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে গুলি চালায়। জোরে বাজনার আওয়াজে প্রথমে গুলির শব্দ ঢেকে গিয়েছিল, কিন্তু আরতি পড়ে যেতেই আতঙ্ক ছড়িয়ে যায়। অতিথিরা লক্ষ করেন যে তাঁর পেট থেকে রক্তক্ষরণ হচ্ছে। গুলি লাগে আরতির পেটে, নাভির কাছে। মঞ্চে রাখা চেয়ারে লুটিয়ে পড়ে যান কনে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতেই অনুষ্ঠান জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। কেউ কেউ চিৎকার করে অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান। আরতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তিনি জানান দীনবন্ধুই তাঁকে গুলি করেছেন।

আরতিকে দ্রুত নিকটবর্তী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর, চিকিৎসকেরা কনেকে বারাণসী ট্রমা সেন্টারে পাঠিয়ে দেন। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। অভিযুক্ত দীনবন্ধু পলাতক। পুলিশ তাঁর বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। স্থানীয় থানার আধিকারিক চন্দন কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি এর আগেও একটি মদের মামলায় এক বার জেল খেটেছেন। পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে। ভিডিয়োটি ‘মিহিরকেঝা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে আঁতকে উঠছেন নেটাগরিকেরা। বিহারের আইন-কানুন ও সামাজিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন